ইন্দুর প্রোডাকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিতা সাহসী ও আত্মপ্রত্যয়ী মেয়ে। তার বিশ্বাস, প্রেম নিয়ে লুকোছাপার কিছু নেই। তাই সিদ্ধান্ত নিল, বাবা-মায়ের সঙ্গে প্রেমিকের পরিচয়পর্বটা সেরে ফেলবে।

যথাসময়ে প্রেমিক সালমান লংমার্চ করে চলে এল রিতাদের বাসায়। রিতার বাবা-মার সঙ্গে সংলাপ শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল। কিন্তু হঠাৎ ছেলের একটি কথায় ড্রয়িংরুমের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল; মনে হলো যেন সেখানে তাজা ককটেলের বিস্ফোরণ ঘটেছে! রিতার বাবা অর্থাৎ মিস্টার চৌধুরী নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আরেকবার জিজ্ঞেস করলেন, ‘পড়াশোনা শেষে এখন কী করছ বললে?’

আবারও বিনয়ের সঙ্গে সালমানের উত্তর, ‘ইন্দুর প্রোডাকশন।’ এ পর্যায়ে চৌধুরী সাহেবকে দেখে মনে হলো, তিনি সালমানকে ধাওয়া করে বসবেন। অন্যদিকে, মিসেস চৌধুরীকে যে দুশ্চিন্তা ঘেরাও করেছে, তা স্পষ্ট।

রিতার বাবা অনেক কষ্টে নিজেকে সামলে বললেন, ‘বাবা রে, এত কিছু থাকতে ইন্দুর প্রোডাকশন কেন? তার চেয়ে মুরগির ফার্ম দিয়ে আন্ডা প্রোডাকশন করো, তাতেও তো ফিউচার আছে।’

হবু শ্বশুরের কথায় সালমান বেশ লজ্জা পেল, ‘কী যে বলেন আঙ্কেল! এই কাজে ফিউচার এখন বেশ ভালো। আর তা ছাড়া এটা তো সবাই পারে না।’

‘তা কারা পারে শুনি?’

‘আমি রিতাকে যতটা দেখেছি, ও খুব ক্রিয়েটিভ। আর সৃষ্টিশীল মানুষদের পক্ষেই এই কাজে ভালো করা সম্ভব। আমি মনে করি, বিয়ের পর এ ক্ষেত্রে ওর সহযোগিতা পেলে আমরা অনেক দূর এগোতে পারব।’

মিসেস চৌধুরী দুর্বোধ্য মৃদু একটি আওয়াজ করে ফিট হয়ে গেলেন কি না বোঝা গেল না! মিস্টার চৌধুরী ভয়ানক উত্তেজিত হয়ে উঠলেন, ‘অ্যাই বেয়াদব, তোর সঙ্গে ইন্দুর প্রোডাকশন করার জন্য আমি আমার মেয়ের বিয়ে দেব?’

রিতা চা-নাশতার ব্যবস্থা করতে ভেতরে গিয়েছিল। এর মধ্যে এই কাণ্ড! বাবার চিৎকার শুনে সে দৌড়ে ড্রয়িংরুমে এসে দেখল, বাবার ‘প্রেশার হাই অবস্থা’ আর মা নিস্তেজ হয়ে পড়ে আছে!

কোনোমতে শান্ত করে বাবার মুখে ঘটনা শুনে রিতার কাছে বিষয়টি ক্লিয়ার হলো। রিতা রেগে সালমানকে জিজ্ঞেস করল, ‘এই ছেলে, তোমার বাসা কোথায় বাবাকে বলো।’

সালমান রিতার কথা শুনে অপ্রস্তুত হয়ে বলল, ‘আমার বাসা শ্যামুলীতে।’

‘এবার বুঝলে তো বাবা? ওর উচ্চারণে কিছুটা প্রবলেম আছে। শ্যামলীকে বলে শ্যামুলী। মাঝে মাঝে ও-কারের জায়গায় উ-কার উচ্চারণ করে বলে শুনতে অড লাগে। ও উচ্চারণ করেছে “ইনডুর”; আর তোমাদের মনে হয়েছে “ইন্দুর”! সালমান ক্রিয়েটিভ ছেলে। নাটক পরিচালনায় নেমেছে। বাজেট কম বলে প্রথম নাটকের শুটিং পুরোটাই ইনডোরে করছে। তাই “ইনডোর” প্রোডাকশনের কথা বলেছে। উচ্চারণে কিছুটা প্রবলেম থাকলেও সালমানকে আমি পছন্দ করি; কারণ ও ভালো মানুষ।’

রিতার মা কিছুটা নড়েচড়ে বসলেন। চৌধুরী সাহেবও ঠান্ডা হলেন।

শেষ খবর অনুযায়ী, রিতা ও সালমান সুখে-শান্তিতে ‘ইন্দুর প্রোডাকশনের’ কাজে ব্যস্ত।