
স্নায়ুচাপ কাকে বলে, আমি তখন বুঝলাম। দেশের বাইরে প্রথম ভ্রমণ। তা-ও আবার বাংলাদেশ থেকে সুযোগ হয়েছিল একা আমার। আর্টিকেল জমা দেওয়ার পর থেকে অপেক্ষার শুরু হয়েছিল, স্কলারশিপসহ অনুষ্ঠানে যাওয়ার নিশ্চয়তা পেয়ে তা হয় স্নায়ুচাপ! বলছিলাম গত ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক স্টুডেন্ট ফোরামে আমার অংশ নেওয়ার কথা। ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ায় আয়োজিত ওই ফোরামটিতে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, জাপান, চীনসহ ১১টি দেশের প্রতিনিধি।
প্রথম দিন আমরা ঘুরেছি ইন্দোনেশিয়ার শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হয়েছে বিভিন্ন বিষয়ে মতবিনিময়।
দ্বিতীয় ও তৃতীয় দিন ছিল প্যানেলভিত্তিক আলোচনা। আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে—তার মধ্যে যেমন ছিল দারিদ্র্যমুক্ত এশিয়া, তেমনি ছিল সামাজিক ব্যবসায় সম্প্রসারণ নিয়ে ভাবনা। প্রাণবন্ত সেই আলোচনায় স্টুডেন্ট ফোরামের প্রতিনিধিদের সঙ্গে অংশ নিয়েছিলেন সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। নতুন নতুন আইডিয়া, যা আমাকে সামনের পথ চলতে অনেক সহায়তা করবে।
চতুর্থ দিন ছিল নিজেদের প্রকল্প উপস্থাপন। প্রকল্পের বিষয়বস্তু ছিল, স্বল্প বিনিয়োগ দ্বারা কীভাবে অধিক দারিদ্র্য বিমোচন করা যায়। আমার প্রকল্প ছিল, বাংলাদেশের উপকূলীয় এলাকায় বন্যা ও জলোচ্ছ্বাসের কারণে জীবন ও ফসলের অনেক ক্ষতি হয়। কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে আমরা পানিতে মাছ চাষ ও পানির ওপর ভেলার মাধ্যমে সবজি চাষ করা। আমার আইডিয়া উপস্থাপন শেষ হতেই করতালিতে স্বাগত জানাল সবাই। অনেকে প্রকল্পে বিনিয়োগের প্রস্তাবও করল।
ফোরামের ওই চারটি দিন ছিল এমনই জমকালো ও রোমাঞ্চকর আয়োজনে ভরপুর। ভিনদেশি বন্ধুদের সঙ্গে মিশে যেতে বেশি সময় লাগেনি, প্রথম দিনেই বন্ধুত্ব হয়ে যায়। তারপর একসঙ্গে হোটেলে থাকা, খাওয়া, ঘোরাফেরা ও নিজেদের দেশ নিয়ে আলোচনা। আমি যখন নিজের দেশ নিয়ে তাঁদের কাছে বলছি, সে এক অন্য রকম অনুভূতি। মুহূর্তেই যেন দিনগুলো চলে গেল। বিদায়ের সুর বেজে গেছে। দেশে ফেরার সময় ক্ষণিকের বন্ধুদের জন্য বিষাদগ্রস্ত হয়েছিল মন—বারবার মনে হয়েছে যেন আমরা সবাই একই পরিবারের সদস্য!