ইবে থেকে আলাদা হচ্ছে পেপ্যাল

মোবাইলে অর্থ লেনদেনের বিষয়টি গুরুত্ব দিতে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান ইবে থেকে আলাদা হয়ে যাচ্ছে পেপ্যাল। ইবে থেকে আলাদা হয়ে আগামী বছর থেকেই ভিন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে অর্থ লেনদেনের সেবাদাতা পেপ্যাল। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইবে প্রধান নির্বাহী জন ডোনাহো জানিয়েছেন, ‘ব্যবসার পরিবেশ-পরিস্থিতির পরিবর্তন ঘটছে। প্রতিটি ব্যবসাকেই এখন আলদা আলাদা প্রতিদ্বন্দ্বিতা আর চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।’
পেপ্যালকে আলাদা করে দেওয়া প্রসঙ্গে ইবে জানিয়েছে, আলাদা হলে ইবে ও পেপ্যাল দুটি প্রতিষ্ঠানের জন্যই তা ভালো হবে। দুটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও শেয়ারমূল্য বাড়ানোর জন্য দুটি প্রতিষ্ঠানের আলাদা হয়ে যাওয়াই মঙ্গলজনক।
মোবাইল পেমেন্ট বা মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেনের প্রযুক্তিটি বিভিন্ন প্রতিষ্ঠানই ব্যবসার বড় ক্ষেত্র বলে মনে করছে। সম্প্রতি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল এ ক্ষেত্রটি নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। বিশ্বের ২০৩টি বাজারে পেপ্যাল চালু রয়েছে এবং এ বছর ১০০ কোটি মোবাইল পেমেন্ট পেপ্যাল থেকে হবে বলেই আশা করছে প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় পেপ্যাল এবং ২০০৩ সালে ইবের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত হয়।