ইবোলার ওষুধ বানরের ওপর প্রয়োগে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার পাবলিক হেলথ এজেন্সির গবেষণাগারে কাজ করছেন একজন বিজ্ঞানী। সবচেয়ে ভয়াবহ ভাইরাস নিয়েও নিরাপদে গবেষণার উপযোগী করে প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে।
কানাডার পাবলিক হেলথ এজেন্সির গবেষণাগারে কাজ করছেন একজন বিজ্ঞানী। সবচেয়ে ভয়াবহ ভাইরাস নিয়েও নিরাপদে গবেষণার উপযোগী করে প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে।

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের কার্যকর ওষুধ আবিষ্কারের চেষ্টায় চিকিৎসাবিজ্ঞানীরা নানা রকমের গবেষণা করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে তৈরি জিম্যাপ নামের একটি ওষুধ আক্রান্ত বানরের ওপর ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। এই ওষুধ প্রয়োগে সাফল্যের খবর জানিয়ে একদল গবেষক দাবি করছেন, ইবোলা আক্রান্ত ১৮টি বানর জিম্যাপের প্রভাবে সেরে উঠেছে।
এই সাফল্যের ফলে ইবোলার আক্রমণ থেকে মানুষের জীবন রক্ষার প্রচেষ্টায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিম আফ্রিকাজুড়ে ইবোলা সংক্রমণে এ পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। জিম্যাপ নামের ওষুধটি এখনো ব্যাপকভাবে প্রয়োগ করা হয়নি। কারণ মানুষের শরীরে এটির কার্যকারিতা সম্পর্কে গবেষকেরা নিশ্চিত নন। এদিকে জাপানের বিখ্যাত ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুজি ফিল্ম দাবি করছে, তারা ইবোলার একটি ওষুধ উদ্ভাবন করেছে এবং আক্রান্ত দেশগুলোতে এটি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।
বানরের ওপর জিম্যাপের কার্যকারিতার প্রমাণবিষয়ক গবেষণা প্রতিবেদনটি নেচার সাময়িকীতে গত শুক্রবার প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট গবেষক ও কানাডার পাবলিক হেলথ অ্যাজেন্সির শীর্ষস্থানীয় কর্মকর্তা গ্রে কবিংগার বলেন, এই সাফল্য অসাধারণ। ইবোলা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জিম্যাপে রয়েছে তিনটি অ্যান্টিবডির মিশ্রণ। অ্যান্টিবডি হচ্ছে জীবদেহে কোনো বিশেষ ক্ষতিকর পদার্থ প্রবেশের প্রতিক্রিয়ায় তৈরি বিশেষ প্রোটিনজাতীয় পদার্থ, যা ওই ক্ষতিকর পদার্থকে ধ্বংস বা নিষ্ক্রিয় করে। গবেষকেরা ইবোলায় আক্রান্ত বানরের ওপর প্রতি তিন দিন পর পর ওষুধটি প্রয়োগ করেন। কয়েকটি বানরের ওপর তৃতীয় ও চতুর্থ দিনে ওষুধটির ইতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়। আবার কয়েকটি বানরের ওপর পঞ্চম দিন থেকে ওষুধটির প্রভাব লক্ষ করা যায়।
গবেষকেরা বলেন, তাঁদের চিকিৎসায় অবশেষে মোট ১৮টি বানরের সবগুলোই ইবোলার সংক্রমণ থেকে সেরে ওঠে। রোগটির কোনো দীর্ঘস্থায়ী প্রভাব তাদের ওপর ছাপ ফেলে যায়নি।
ইবোলার উপসর্গগুলোও মারাত্মক ধরনের হয়ে থাকে। যেমন: রক্তক্ষরণ, লাল লাল ফোসকা ও শরীরের অভ্যন্তরীণ বিপর্যয়। গবেষণাকালে তিনটি বানরের ওপর ওষুধ প্রয়োগ করা হয়নি। সংক্রমিত হওয়ার পর অষ্টম দিনে তাদের মৃত্যু হয়। গবেষকেরা বলছেন, এবার তাঁরা মানুষের ওপর জিম্যাপ প্রয়োগের পথে আরও আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হতে পারেন। এতে করে ভাইরাসটির ভয়াবহ বিস্তার প্রতিরোধ করা সম্ভব হতে পারে। মার্কিন দুই স্বাস্থ্যকর্মীর ওপর ওষুধটির প্রয়োগের খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু তাঁদের সেরে ওঠার জন্য ওষুধটি কতটা কাজ করেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে গবেষকেরা মনে করছেন, ওষুধটি ৪৭ শতাংশ রোগীর ক্ষেত্রে কার্যকর হতে পারে।
স্পেনের একজন যাজক ও লাইবেরিয়ার একজন চিকিৎসকের ওপর জিম্যাপ প্রয়োগ করেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। তবে গবেষকেরা দাবি করছেন, ওই দুজন জিম্যাপের মাত্র একটি ডোজ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। কাজেই তাঁদের মৃত্যুতে ওষুধটির অকার্যকারিতা প্রমাণ হয় না।
কবিংগার বলেন, সবকিছুরই সীমাবদ্ধতা থাকে। অবনতির একটা পর্যায়ে পৌঁছানোর পর রোগীর আর ফেরার পথ থাকে না। এটাই বাস্তবতা। আর বয়স ও ইবোলায় আক্রান্ত হওয়ার আগের শারীরিক অবস্থার মতো বিষয়গুলোরও গুরুত্ব রয়েছে। আর বানরের ওপর ওষুধটির সাফল্য নিয়েও ভিন্নভাবে ভাবতে হবে। কারণ, মানুষের তুলনায় পশুপাখির বয়সসীমা ও জিনগত ত্রুটি বা অসুখের ধরন অন্য রকম হয়ে থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, পশ্চিম আফ্রিকায় গত ফেব্রুয়ারিতে ইবোলা ছড়িয়ে পড়তে শুরু করার পর লাইবেরিয়া, গিনি, সিয়েরা লিওন ও নাইজেরিয়ায় লোকজন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত প্রায় তিন হাজার ৬৯ জনের শরীরে এটির সংক্রমণ হয়েছে।
লাইভসায়েন্স।