ইবোলার বিস্তার ঠেকাবে রোবট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবাণু ধ্বংসকারী একটি রোবট মার্কিন বিমানসেনাদের দেখাচ্ছেন গেরি জেন্যান্ট। তিনি রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান জেনেক্স হেলথকেয়ার সার্ভিসেসের বাস্তবায়ন ব্যবস্থাপক। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি বিমানঘাঁটি থেকে শনিবার তোলা ছবি l এএফপি
জীবাণু ধ্বংসকারী একটি রোবট মার্কিন বিমানসেনাদের দেখাচ্ছেন গেরি জেন্যান্ট। তিনি রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান জেনেক্স হেলথকেয়ার সার্ভিসেসের বাস্তবায়ন ব্যবস্থাপক। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি বিমানঘাঁটি থেকে শনিবার তোলা ছবি l এএফপি

প্রাণঘাতী ভাইরাস ইবোলার বিরুদ্ধে লড়তে মার্কিন সামরিক বাহিনী এবার জীবাণুবিধ্বংসী অস্ত্র ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। অস্ত্র বা যন্ত্রটি আসলে চার চাকাওয়ালা একটি রোবট। এটি অতিবেগুনি রশ্মির সাহায্যে একটি ঘরকে কয়েক মিনিটেই জীবাণুমুক্ত করতে পারে।
স্টার ওয়ার্স চলচ্চিত্রের রোবটগুলোর চেয়ে কিছুটা বেশি লম্বা ও চিকন এই নতুন রোবট তিনটি সামরিক হাসপাতালে কাজ করছে। যুক্তরাষ্ট্রের আরও প্রায় ২৫০টি হাসপাতালে অণুজীব (প্যাথোজেন) ধ্বংস করার কাজে এসব রোবট ব্যবহার করা হচ্ছে। চিকিৎসক ও কর্মকর্তারা বলছেন, রোবটটি অতিবেগুনি রশ্মি তৈরি করার জন্য জেনন গ্যাস ব্যবহার করে। এই গ্যাস বিষাক্ত নয়। মানুষের চেয়ে অনেক দ্রুত ও নিখুঁতভাবে জীবাণু ধ্বংস করতে পারে এই রোবট। তবে তা মানুষের শরীরে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।
যুক্তরাষ্ট্রের ল্যাংলি বিমান ঘাঁটিতে গত অক্টোবরে এ রকম একটি রোবট নেওয়া হয়েছে। সেখানকার মুখপাত্র অ্যালটন ডানহ্যাম বলেন, নতুন রোবটটি এখন তাঁদের কৌশলগত কার্যক্রমের একটি অংশ। তবে বিভিন্ন হাসপাতালে জীবাণুনাশের কাজেও এটি ব্যবহার করা হবে।
পরিষ্কারক উপাদান হিসেবে দশকের পর দশক ধরেই ব্যবহার করা হচ্ছে অতিবেগুনি রশ্মি। তবে এ কাজে নতুন রোবটটি পারদ-বাষ্পের বাল্বের পরিবর্তে পরিবেশবান্ধব জেনন ব্যবহার করছে। পারদ-বাষ্প তুলনামূলক ধীরগতিতে কাজ করে এবং পরিবেশের জন্য ক্ষতিকর। রোবটটির নির্মাতা টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান জেনেক্স ডিজইনফেকশন সার্ভিসের বিশেষজ্ঞরা এ কথা জানিয়েছেন। পশ্চিম আফ্রিকায় মহামারি আকারে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস দমনের লড়াইয়ে এই রোবট কার্যকর হতে পারে বলে গবেষকেরা মনে করছেন।
মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস আয়োজিত এক সম্মেলনে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও সহায়তাকর্মীরা অংশ নেন। দূষিত বর্জ্য অপসারণ এবং মারাত্মক রোগে আক্রান্ত মানুষের কাছে গিয়ে পরিচর্যার কাজে রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার ইতিবাচক হতে পারে বলে তাঁরা মতৈক্যে পৌঁছান। দ্য জেনারেল ডাইনামিকস ল্যান্ড সিস্টেমস এমইউটিটি নামের এই রোবটযান ইতিমধ্যে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এটি পশ্চিম আফ্রিকায় স্বাস্থ্যকর্মীদের সহায়তায় ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে। টেক্সাসের এঅ্যান্ডএম ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশলের অধ্যাপক রবিন মারফি ৭ নভেম্বর ওই সম্মেলনে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনের মধ্য দিয়ে প্রস্তাবটি উত্থাপন করেন।
তবে বিশেষজ্ঞদের মতে, যেকোনো রোবটই চিকিৎসা-সহায়তা কাজে মানানসই হবে না। স্থানীয় সংস্কৃতির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। ইবোলার মতো ভাইরাস মানুষের সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। তাই চিকিৎসক বা সেবিকাদের সুরক্ষার নতুন পদ্ধতি বের করাটা অত্যন্ত জরুরি। মারফি বলেন, রোবট ব্যবহারের মাধ্যমে মানুষের চেয়ে দ্রুত, নিরাপদ ও কার্যকর উপায়ে রোগীদের দূষিত বর্জ্য অপসারণ করা যেতে পারে।
তবে লাইবেরিয়া বা সিয়েরা লিওনের একটি চিকিৎসাকেন্দ্রে ব্যবহার করার উপযোগী রোবট তৈরি করাটা সহজ নয়। কারণ এসব দেশে এখনো আদি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা রয়ে গেছে। পশ্চিমা দুনিয়ার মতো ওয়াই-ফাইয়ের সুবিধা, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ও মসৃণ মেঝে সেখানে অপ্রতুল। অথচ রোবটগুলোকে সে রকম পরিবেশেই কাজ করতে হবে।
জেনেক্স রোবটকে এখনই পশ্চিম আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়নি। তবে ইবোলার ব্যাপক বিস্তারে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা এ ব্যাপারে অনেক দূর ভেবে রেখেছেন। কারণ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতেও ইবোলা সংক্রমণের কয়েকটি নজির পাওয়া গেছে। এসব দেশে রোগটির ভয়াবহ বিস্তার ঘটলে হয়তো অবিলম্বে রোবটগুলোকে কাজে লাগানোর প্রয়োজন পড়বে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালে জেনেক্স রোবট ব্যবহার করার ফলে কয়েকটি রোগের সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে এসেছে বলে খবর পাওয়া গেছে। রোবটগুলো এমন সব গোপন স্থানে গিয়ে অতিবেগুনি রশ্মি প্রয়োগ করে জীবাণু ধ্বংস করতে পারে, যেখানে যাওয়াটা মানুষের পক্ষে সম্ভব হয় না।
সূত্র: এএফপি।