ইমাজিন কাপ পর্বে বাংলাদেশে চ্যাম্পিয়ন বুয়েট
ইমাজিন কাপ ২০১৩-এর বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘বুয়েট ১০১’ দল। তারা এমন একটি অ্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই মুঠোফোনে শরীরের কুশল জানানো যাবে, আবার প্রিয়জনের কুশলও জানা যাবে। এ কাজে দরকার পড়বে একটি ব্যান্ড, যা আপনার ও অপর প্রান্তের মানুষের হাতে পরানো থাকবে। ইমাজিন কাপের বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার ফলে এ দলটি আগামী জুলাই মাসে রাশিয়ায় অনুষ্ঠেয় মাইক্রোসফট ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এ দলের সদস্যরা হচ্ছেন তামজিদ ইসলাম, বাসিমা ইসলাম, মোরশেদুল হক ও জাহিন মোস্তাকিম। বিজয়ী দলের তামজিদ ইসলাম বলেন, ‘অনেক ভালো লাগছে চ্যাম্পিয়ন হয়ে। সেই সঙ্গে প্রস্তুতি নেব, যাতে আমরা মস্কো গিয়েও ভালো কিছু করতে পারি।’সারা বিশ্বের তরুণ শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের ক্ষমতাকে উৎসাহ দিতেই ইমাজিন কাপের আয়োজন করছে মাইক্রোসফট করপোরেশন। গতকাল রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিতা। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন আইসিটিসচিব, নজরুল ইসলাম খান, মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার উবুদু বাছনায়েকেসহ আরও অনেকে।মাইক্রোসফট বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ থেকে সেরা দল নির্বাচনের প্রক্রিয়াটি শুরু হয় গত বছরের আগস্ট মাসে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৩৫টি দল নিবন্ধন করে। মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল ইভেনজেলিস্ট তানজিম সাকিব বলেন, ‘আয়োজনের শুরু থেকে আমরা ভালো সাড়া পেয়েছি শিক্ষার্থীদের কাছ থেকে। প্রাথমিক নির্বাচনের পর মোট ১২টি দলকে ডাকা হয় নিজেদের উপস্থাপনার জন্য।’ —হাসান ইমাম