ইমাজিন কাপ বাংলাদেশ পর্ব অনুষ্ঠিত
মাইক্রোসফট আয়োজিত ইমাজিন কাপ ২০১২ বাংলাদেশের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেরা প্রকল্প নির্বাচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, প্রযুক্তির সংস্পর্শে তরুণেরা এগিয়ে যাচ্ছে, আর আমাদের দেশের তরুণেরা সারা বিশ্বের প্রযুক্তি ব্যবহার করে নিজেদের সেরাটা দেখাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু, মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত অঞ্চলের প্রধান জেমি হপার, গ্রামীণফোন আইটির প্রধান অর্থ কর্মকর্তা কার্সতি থোয়েনসহ অনেকে। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বুয়েট, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বিত ইঞ্জিন দলের ‘অন্নপূর্ণা’ প্রকল্প। এ দলের চার সদস্য খালেদ মাহমুদ, আইমান কাদের সিদ্দিকী, মেহনাজ চৌধুরী ও মোহাম্মদ জুনায়েদ হাসান অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় ইমাজিন কাপের ওয়ার্ল্ড ওয়াইড পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। দ্বিতীয় পুরস্কার পেয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেপ্রেকন দলের ‘প্রজেক্ট বিটল’ প্রকল্প এবং তৃতীয় পুরস্কার পেয়েছে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এইউএসটি ফোরবিট দলের ‘হেল্পিং সিস্টেম ফর ফিজিক্যালি ডিজেবল পিপল ইউজিং ভয়েস প্রসেসিং’ প্রকল্প। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ী দলকে দোয়েল ল্যাপটপ উপহার দেওয়া হয়। এ ছাড়া সুন্দর ধারণা থাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউআইইউ-স্ট্রাগলার দলের ‘ইউআইইউ বাংলা ওসিআর’ প্রকল্প, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমওআর দলের ‘আই কেন্ট্রাল্ড কার্সর’ প্রকল্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির আইআইটি ফনিক্স দলের ‘বেটার টুগেদার’ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিল গ্রামীণফোন আইটি ও দোয়েল ল্যাপটপ। —নুরুন্নবী চৌধুরী