ইমাজিন কাপের চূড়ান্ত পর্বে যাচ্ছে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার সিডনিতে মাইক্রোসফটের আয়োজনে অনুষ্ঠেয় ‘ইমাজিন কাপ-২০১২’-তে অংশ নিতে আজ রাতে ঢাকা ছাড়ছে ‘টিম ইঞ্জিন’ দল। দলটির বানানো সফটওয়্যার ‘অন্নপূর্ণা’ ইতিমধ্যেই ‘পিপলস চয়েজ অ্যাওয়ার্ড’ বিভাগে উল্লেখ করার মতো ভোট পেয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ (এআইইউবি) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য কারমেন জেড লামাগনা, জিপিআইটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রনি রিয়াদ রশিদ, মাইক্রোসফট বাংলাদেশের হেড অব সেলস মোহাম্মদ আসিফ ও টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ খান, টিম ইঞ্জিনের দলনেতা এআইইউবির শিক্ষক খালিদ মাহমুদ, দলের চার সদস্য আইমান কাদের সিদ্দীক, জুনায়েদ হাসান, মাহেনাজ চৌধুরী ও কোচ ইমরোজ মোরসালিন। সম্মেলনে দলের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি অন্নপূর্ণা সফটওয়্যারের জন্য ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। একে http://supportannapurna.sytes.net অথবা http://savehumanity.tk ঠিকানায় গিয়ে ৯ জুলাই পর্যন্ত ভোট দিতে হবে। —জিয়াউর রহমান চৌধুরী