ইমাজিন কাপের সেরা ১০টি প্রকল্পের প্রদর্শনী
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে মাইক্রোসফট ইমাজিন কাপ। মাইক্রোসফট বাংলাদেশের এই আয়োজনে সেরা ১০টি প্রকল্প গতকাল শনিবার প্রদর্শন করা হয় রাজধানীর দৃক আইসিটি সেন্টারে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই প্রদর্শনী ঘুরে দেখেন দর্শকেরা। এ ব্যাপারে মাইক্রোসফট বাংলাদেশের ডেভেলপার এভানজিলিস্ট অমি আজাদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের অনেক ভালো ভালো উদ্ভাবনী শক্তি আছে। আর তাদের প্রকল্পগুলোও অনেক অনেক কাজের হতে পারে। এ জন্য দরকার তাদের সুযোগের।’ তিনি আরও জানান, ‘এবারে সেরা দলটি যাবে অস্ট্রেলিয়া। সেখানে ইমাজিন কাপের বিশ্ব প্রতিযোগিতার আসর বসবে। এ ছাড়া আমাদের সেরা ১০টি প্রকল্পের মধ্য থেকে তিনটি দলের ১২ জন প্রতিযোগী পাবে একটি করে দোয়েল ল্যাপটপ।’ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আগামী শুক্র এবং শনিবার। সেখানে এই ১০টি প্রকল্প থেকে বিচারকদের রায়ে বিজয়ী নির্বাচন করা হবে। আগামী ৯ মে চূড়ান্ত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার তুলে দেওয়া হবে।এবারের সেরা ১০টি প্রকল্প হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি দল ‘অ্যাগ্রি কোডার’ দলের স্মার্ট অ্যাগ্রো এবং ‘আইআইটি ফোনিক্স’ দলের ‘বেটার টুগেদার’, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুটি দল ‘ডেক্সচারাস’ দলের ‘সেভ এনার্জি, সেভ দ্য গ্রিন’ এবং এমওআর দলের ‘আই কন্ট্রোল কার্সার’, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি দল ইউআইইউ ডায়নামিক্স এর ‘হাতেখড়ি’ এবং ইউআইইউ স্ট্রাগলার্স দলের ‘ইউআইইউ বাংলা ওসিআর’ এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল ‘লেপ্রেকন’ এর প্রজেক্ট বিটল’, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘অস্ট ফোরবিট’ নিয়ে আসে ‘হেল্পিং সিস্টেম ফর ফিজিক্যালি ডিজাবল পিপল ইউজিং ভয়েস প্রসেসিং’, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিরো আওয়ার দলের উদ্ভাবনী প্রকল্প ‘পকেট সুইচ’ এবং বুয়েট, নর্থ সাউথ, এআইইউবির শিক্ষার্থীদের গড়া দল ‘ইঞ্জিন’ এর উদ্ভাবনী প্রকল্প ‘অন্নপূর্ণা’। — ইমাম হাসান