ইরানের বানর ও মহাকাশ কর্মসূচির নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকাশে বানর
মহাকাশে বানর

দ্বিতীয়বারের মতো সফলভাবে মহাকাশে বানর পাঠানোর দাবি করেছে ইরান। মহাকাশ কর্মসূচিতে ইরানের সফলতা হিসেবে তরল জ্বালানির বিশেষ এক ধরনের রকেট প্রযুক্তির উন্নয়ন করেছে বলেও দাবি করেছেন দেশটির বিজ্ঞানীরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
২০১৯ সাল নাগাদ মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা থেকে ইরান মহাকাশ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের চালু করা মহাকাশ কর্মসূচি বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির সময় নতুন গতি পেয়েছে বলেও দাবি করেছে তেহরান।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘ফারগাম’ নামের বানরটি মহাকাশ ভ্রমণ শেষে সুস্থভাবে পৃথিবীতে ফিরে এসেছে। মহাকাশে সফলভাবে বানর পাঠানোর জন্য দেশটির বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
তবে ইরানের এ মহাকাশ কর্মসূচিকে ভালোভাবে দেখছে না পশ্চিমা দেশগুলো। পশ্চিমা দেশগুলো মনে করে, ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচি আদতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিরই প্রচেষ্টা, যদিও ইরানের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। কবে, কখন নতুন প্রযুক্তির রকেটে করে দ্বিতীয়বার মহাকাশে বানর পাঠানো হয়েছে, তার বিস্তারিত তথ্য প্রকাশ না করায় ইরানের সফলতা নিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো সংশয় প্রকাশ করেছে। 

ইরানের মহাকাশ অভিযান

ভবিষ্যতে মহাকাশে মানুষ ও চাঁদে মনুষ্যবিহীন যান পাঠানোর পরিকল্পনা রয়েছে তেহরানের। সে লক্ষ্যে চলতি বছরের জানুয়ারি মাসের পর এই নিয়ে দ্বিতীয়বার পরীক্ষামূলকভাবে মহাকাশে বানর পাঠাল তারা। এর আগে জানুয়ারি মাসে তেহরান দাবি করেছিল, মহাকাশে সফলভাবে একটি বানর পাঠিয়েছে তারা। ‘পিশগ্যাম’ নামের রকেটের মাধ্যমে বানরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৫ মাইল ওপরে কক্ষপথের কাছাকাছি জায়গায় পাঠানো হয়। পরে বানরটি সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়। সে সময় ইরানের রায় টেলিভিশনে বানরটির একটি ছবি দেখানো হয়। বানরটি একটি ফিতাওয়ালা পোশাক পরে ছিল।

এর আগে ২০১০ সালে ইরান মহাকাশে ইঁদুর, কচ্ছপ ও বিভিন্ন প্রজাতির পোকা পাঠিয়েছিল। অবশ্য দেশটি ২০১১ সালে রকেটের মাধ্যমে মহাকাশে বানর পাঠানোর যে পরিকল্পনা করেছিল, তা ব্যর্থ হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে তত্কালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ঘোষণা করেছিলেন, ২০১৯ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ইরান। এ বছরের জানুয়ারিতে প্রথমবার সফলভাবে মহাকাশে বানর পাঠানোর পর ফেব্রুয়ারিতে আহমাদিনেজাদ মহাকাশ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন। মাহমুদ আহমাদিনেজাদ জানিয়েছিলেন, দেশের প্রথম মহাশূন্য অভিযানকারী হিসেবে মহাশূন্যে যেতে তৈরি আছেন তিনি। তাঁর এ বক্তব্য শুনে মার্কিন সিনেটর জন ম্যাককেইন টুইটারে আহমাদিনেজাদকে বানর বলে অভিহিত করেছিলেন। টুইটার বার্তার পর ম্যাককেইনের এই টুইট রাজনৈতিক শিষ্টাচার-বহির্ভূত আচরণ বলে সমালোচনার ঝড় উঠেছিল।

সন্দেহ যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিমা দেশগুলো ইরানের মহাকাশ কর্মসূচিকে সন্দেহের চোখে দেখছে। তারা মনে করে, মহাকাশ কর্মসূচির নামে যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন করা হচ্ছে, তাতে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কক্ষপথ থেকে নিউক্লিয়ার ওয়ারহেড নির্দিষ্ট লক্ষ্যে ছুড়তে সক্ষম হবে ইরান।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বার্নান্ড মেহান জানিয়েছেন, ইরান মহাকাশে কোনো কিছু পাঠিয়েছে, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ রিকি এলিসন জানিয়েছেন, ইরানের দাবি যদি সত্যি হয় তবে এটা প্রমাণ করে যে, এখনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন থেকে দেশটি সরে আসেনি। ভবিষ্যতে তারা আরও উন্নয়ন কর্মসূচি চালিয়ে যাবে বলেই মনে করছেন যুক্তরাষ্ট্রের এই বিশেষজ্ঞ।

এদিকে, ইরানের প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে হুমকি হিসেবে দেখছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের তৈরি মিসাইল প্রতিরক্ষা কর্মসূচির পেছনে অঢেল অর্থ খরচ করেছে।