ইরানের ভিডিও দেখার ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব ইরানে বন্ধ ২০০৯ সাল থেকে। এর মধ্যেই দেশটি ইউটিউবের মতো নিজস্ব ভিডিও দেখার ওয়েবসাইট চালু করেছে। ‘মেহর’ (www.mehr.iৎ) নামের এ ওয়েবসাইটে ভিডিও আপলোড এবং ডাউনলোড দুটি কাজই করা যাবে। ফারসি শব্দ মেহর নামের নতুন এ ভিডিও সাইটটি পরিচালনা করছে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)। নতুন এ সাইটটি চালুর আগে থেকেই ইরানে জনপ্রিয় একটি ভিডিও সাইট চালু রয়েছে। অ্যাপারাত (www.aparat.com) নামের এ সাইটে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড ও ডাউনলোড করার সুবিধা রয়েছে। এ ছাড়া ফারসি ভাষায় রয়েছে ক্লুব (www.cloob.com) নামের একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। তবে ইউটিউব বন্ধ থাকলেও ইরানের ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কসের (ভিপিএন) মাধ্যমে ইউটিউব ব্যবহারের সুযোগ পাচ্ছিলেন। তবে দেশটির ইন্টারনেটের গতি অনেক কম থাকায় ব্যবহারকারীরা সরাসরি ওয়েবসাইটে ভিডিও দেখতে পারেন না। সে ক্ষেত্রে একমাত্র ভরসা হয় ভিডিওটি নামিয়ে নিয়ে দেখা। নতুন ভিডিও সাইট মেহরে ফারসি ভাষার ব্যবহারকারীদের কাছে নিজ ভাষায় ইরানের সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানিয়েছে আইআরআইবি কর্তৃপক্ষ। এ ছাড়া সাইটটিতে ব্যবহারকারীরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা, গান ও ভিডিও আপলোড করতে পারবেন বলেও জানা গেছে। ইউটিউবের আদলে তৈরি সাইটটি নিয়ে কোনো মন্তব্য করেনি ইউটিউবের মালিক গুগল কর্তৃপক্ষ।—বিবিসি অবলম্বনে কাজী আলম