ইলেকট্রনিক আর্টের সাইটে হামলা
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ভিডিওগেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস (ইএ) সাইবার হামলার শিকার হয়েছে। ইএ গত শুক্রবার জানায়, হ্যাকাররা তাদের কম্পিউটারের সার্ভার ব্যবস্থায় হামলা চালিয়ে বহু মূল্যবান তথ্য চুরি করেছে। হ্যাকাররা এই সার্ভারের আওতায় থাকা সব কম্পিউটারে হামলা চালায় এবং নাম, পাসওয়ার্ড, ই-মেইল ঠিকানা, জন্মতারিখ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করে। ইএ-র ওয়েবসাইটে ব্যবহারকারীদের জানানো হয়, এ সাইবার হামলার পর দ্রুত নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যাতে হ্যাকাররা আর হামলা চালাতে না পারে। হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তার পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছি। নর্থ ক্যারোলাইনাভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, হ্যাকাররা নাম-ঠিকানা চুরি করলেও ব্যবহারকারীর ক্রেডিট কার্ডের কোনো তথ্য চুরি করতে পারেনি। হ্যাকাররা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সার্ভারে হামলা চালিয়েছে। তারা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ, অ্যারিজোনা অঙ্গরাজ্যের পুলিশ বিভাগ এবং সরকারি সম্প্রচার মাধ্যমের কম্পিউটার নেটওয়ার্কে হামলা চালায়। এর আগে গত এপ্রিল মাসে হ্যাকাররা জাপানের ইলেকট্রনিকস সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান সনির কম্পিউটার নেটওয়ার্কে হামলা চালায়। হ্যাকাররা নেটওয়ার্কের আওতায় থাকা সব কম্পিউটারের তথ্য চুরি করে। এতে সনির অনলাইন সার্ভিস বেশ কয়েক সপ্তাহ বন্ধ থাকে। লুলজের হ্যাকিংবন্ধের ঘোষণা: এদিকে গত প্রায় দুই মাস ধরে বিশ্বের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে হামলা চালানোর পর হ্যাকার গ্রুপ লুলজ হ্যাকিং বন্ধের ঘোষণা দিয়েছে। টুইটারের এ বার্তায় তারা বলেছে তাদের ৫০ দিনের পরিকল্পনার মেয়াদ শেষহয়েছে।তবে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের দাবি লুলজ সিকিউরিটির প্রধান পরিকল্পনাকারী ১৯ বছর বয়সী রায়ান ক্লেরিকে ধরার কারণেই লুলজ এই ঘোষণা দিয়েছে। —এএফপি ও বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান