ইলেকট্রনিক খেলনায় শিশু কম শেখে!
শিশুদের ভাষা শেখার ক্ষেত্রে ইলেকট্রনিক বা বৈদ্যুতিক খেলনা ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তাঁরা বলছেন, আলো ফেলা, শব্দ সৃষ্টি করা বা গান শোনানোর মতো দামি বৈদ্যুতিক খেলনার চেয়ে বই বা প্রচলিত কাঠের খেলনা শিশুর ভাষা শেখার ক্ষেত্রে অধিক জুতসই।
যুক্তরাষ্ট্রের নর্দার্ন অ্যারিজোনা ইউনিভার্সিটির গবেষকেরা ২৬ জন অভিভাবক ও তাঁদের ১০-১৬ মাস বয়সী শিশু নিয়ে একটি নিয়ন্ত্রিত গবেষণা করেন। গবেষণায় মা-বাবা ও শিশুর মধ্যকার খেলাধুলার সময় সরাসরি পর্যবেক্ষণ করার পরিবর্তে অডিও ধারণ করে তা পরীক্ষা করেন। বৈদ্যুতিক খেলনা, প্রচলিত কাঠের খেলনা ও ছবিওয়ালা বই ব্যবহার করে শিশুর শব্দ করার বিষয়টি খেয়াল করা হয়।
এতে দেখা যায়, ইলেকট্রনিক খেলনা নিয়ে খেলার সময় শিশু কম শব্দ করে। বই পড়ানোর সময় মা-বাবা যত শব্দ করেন প্রচলিত খেলনা নিয়ে খেলার সময় মা-বাবা তার চেয়ে শব্দ কম করেন। ইলেকট্রনিক খেলনার প্রতি নির্ভরতা কমানোর পরামর্শ দেন গবেষকেরা। তথ্যসূত্র: পিটিআই।