ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নিয়ে কর্মশালা
ঢাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে গত বৃহস্পতিবার ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সহযোগীদের জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক নামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রায়হান শামসী কর্মশালা উদ্বোধন করেন। তিনি বলেন, ইলেকট্রনিক লেনদেনের সাম্প্রতিক উন্নয়নের ফলে গ্রামীণফোনের পক্ষে কোনো নগদ বা কাগুজে অর্থ ছাড়াই সারা দেশে দ্রুত ও নিরাপদে অর্থ বিতরণ সম্ভব হবে। খবর বিজ্ঞপ্তির।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চৌধুরী মোহিদুল হক বলেন, ‘বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) দেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন ও জিডিপি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’ গ্রামীণফোনের করপোরেট ফিন্যান্স অ্যান্ড ট্রেজারি মাইনুর রহমান ভূঁইয়া বলেন, পেমেন্ট সিস্টেমকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার-ব্যবস্থায় উন্নীত করলে প্রতিষ্ঠানের চলতি মূলধন ব্যবস্থাপনা আরও উন্নত হবে।