ইলেকট্রনিকস মেলায় প্রবীণদের পণ্য
জার্মানির রাজধানী বার্লিনে গত শুক্রবার শুরু হওয়া প্রযুক্তিপণ্যের মেলা ‘আইএফএ কনজ্যুমার ইলেকট্রনিকস ফেয়ার ২০১২’ আজ বুধবার শেষ হচ্ছে। এবারের মেলায় এমন সব পণ্যের সমাবেশ ঘটেছে, যা প্রবীণ ব্যক্তিদের জীবনকে সহজ, নিরাপদ এবং আরও আকর্ষণীয় করে তুলবে। জার্মানিসহ ইউরোপের বেশির ভাগ দেশে এখন প্রবীণ ব্যক্তিদের সংখ্যা বেশি। বেশির ভাগেরই বয়স ৬৫ বছরের ওপরে। এবারের প্রযুক্তিমেলায় তাঁদের জন্য আছে অনেক পণ্য। স্মার্ট টিভি, ট্যাবলেট কম্পিউটার ও অত্যাধুনিক কফি প্রস্তুতকারী মেশিনের পাশাপাশি মেলায় আছে বড় বড় বোতাম মোবাইল ফোনসেট। আছেরোবটিক ভ্যাকুয়াম ক্লিনার। এটি ব্যবহার করলে পিঠে কোনো ধরনের ব্যথা হবে না। মেলায় আরও দেখানো হচ্ছে নতুন ধরনের অত্যাধুনিক হিয়ারিং এইড। প্রবীণ ব্যক্তিরা যাঁরা কানে কম শুনতে পান, তাঁদের জন্য নতুন ধরনের এই হিয়ারিং এইড অনেক উপকারে আসবে। মেলার প্রথম দিনে এসেছিলেন বিয়েটে মুনকেল্ট (৬০) নামের একজন চিকিৎসক। তিনি বলেন, ‘ঘড়ির অ্যালার্ম আছে এমন একটি মোবাইল ফোনসেট কেনার জন্য আমি আর আমার স্বামী মেলায় এসেছি। আমরা এমন ফোন চাই না, যা কিনা অতিরিক্ত ফিচারের ভারে জর্জরিত।’ আইএফএর প্রকল্প কর্মকর্তা ডার্ক কোসলস্কি বলেন, প্রবীণদের জন্য বহু প্রযুক্তিপণ্য তৈরি হয়েছে। এসব পণ্য এবার বেশি করে মেলায় আনা হয়েছে। তবে শুধু যে প্রবীণেরাই এসব পণ্য কিনেছেন, তা নয়। তরুণেরাও কিনেছেন। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান