ইল্যান্স ও ওডেস্ক থেকেই বছরে আয় ২ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে বাংলাদেশের মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার) শুধু ইল্যান্স ও ওডেস্কের মাধ্যমে অনলাইন আউটসোর্সিং থেকে আয় করেছেন প্রায় দুই কোটি ১০ লাখ ডলার। এঁদের অধিকাংশই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। অদূর ভবিষ্যতে আউটসোর্সিং খাত বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় খাত হিসেবে বিবেচিত হবে। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদ (ডিইউআইটিএস) আয়োজিত এক কর্মশালায় এ তথ্য দেন বাংলাদেশে ইল্যান্স-ওডেস্কের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন ডিইউআইটিএসের মডারেটর শফিউল আলম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ডিইউআইটিএসের সভাপতি আবদুল্লাহ আল ইমরান, সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সানজিদা পারভীনসহ অনেকে।
‘বিকাম অ্যান অনলাইন ফ্রিল্যান্সার’ শিরোনামের এ কর্মশালা শুরু হয় বেলা আড়াইটায়। তিন ঘণ্টার এই কর্মশালায় শিক্ষার্থীরা আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায়, এমন বড় বড় ওয়েবসাইট বা মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা পান। কাজের ধরন, ক্ষেত্র ও যোগ্যতা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়েছে কর্মশালায়। —বিজ্ঞপ্তি