ইসরায়েলের ওয়েবসাইটে হ্যাকারদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের নিরাপত্তা বাহিনী কয়েক দিন ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার প্রতিবাদে হ্যাকারদের গ্রুপ অ্যানোনিমাস ইসরায়েলের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক অব জেরুজালেম, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রায় ৭০০টি প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক ও ওয়েবসাইটে হামলা চালিয়েছে। গত বৃহস্পতিবার ভোর থেকে এই হামলা চালানো শুরু করেছে অ্যানোনিমাস। ‘অপইসরায়েল’ নামে এই হামলার শিকার হয়েছে বহু সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট। হামলার কারণে অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত এবং বেশ কয়েকটি বন্ধ হয়ে গেছে। অ্যানোনিমাসের দেওয়া হিসাব অনুযায়ী ৬৬৩টি ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ব্যাংক অব জেরুজালেমের ওয়েবসাইটের তথ্যভান্ডার একেবারে মুছে গেছে। অ্যানোনিমাস এক বিবৃতিতে বলেছে, ‘গাজা ভূখণ্ডে হামলা চালানোর অধিকার ইসরায়েলের নেই। তর পরও তারা আত্মরক্ষার নামে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। মারা যাচ্ছে নিরীহ বেসামরিক মানুষ। এই হামলার জবাবে ইসরায়েলি ওয়েবসাইটগুলোতে হামলা চালানো হয়েছে।’ বিবৃতিতে আরও বলেছে, ‘ইসরায়েল সরকার গাজা ভূখণ্ডের সব ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছিল। আমরা সেই হুমকির জবাব দিয়েছি। আমরা থাকতে কেউ তা করতে পারবে না।’ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, হামলার শিকার কয়েকটি ওয়েবসাইট ফের চালু হয়েছে। —সিনেট অবলম্বনে রোকেয়া রহমান