ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন ভর্তি পরীক্ষা সামনে রেখে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কার্যালয়ের অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিছিল, মিটিং, পিকেটিং, মানববন্ধন, লিফলেট বিতরণসহ রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে।
এ ছাড়া ক্যাম্পাসের ভেতরে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও আবাসিক হলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও এতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা সামনে রেখে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যথাসময়ে তা তুলে নেওয়া হবে বলে তিনি জানান।