ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট চালু
অবশেষে সীমিত আকারে ইন্টারনেট সুবিধা চালু হয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এখন শুধু শুধু কম্পিউটার কেন্দ্রে কিছু সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ে দুই বছর আগেই যে ইন্টারনেট সংযোগ চালু হওয়ার কথা ছিল তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো গত বৃহস্পতবাির।উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কেন্দ্রে ইন্টারনেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. কামালউদ্দিন, কোষাধ্যক্ষ মো. শাহাজাহান আলী, কম্পিউটার কেন্দ্রের পরিচালক মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কেন্দ্রে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিবারের যেকোনো সদস্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। উদ্বোধনের পর বিভিন্ন অনুষদসহ আবাসিক হলগুলোতে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘এখনই সব জায়গায় সংযোগ দেওয়া সম্ভব হবে না, তবে আগামী দেড় মাসের মধ্যেই বিভিন্ন অনুষদের বিভিন্ন বিভাগে ইন্টারনেট সংযোগ পৌঁছানোর ব্যবস্থা করব।’ ইন্টারনেট চালু করার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘দেরিতে হলেও বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সুবিধা চলে এসেছে। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের অনুষদসহ আবাসিক হলগুলোতে ইন্টারনেট সংযোগ চালু করার ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।’ —ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি