ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর স্থগিত করা ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি কমিটির এক সভার সিদ্ধান্তক্রমে পরীক্ষা ১৮ জানুয়ারি হতে শুরু হয়ে চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
আজ সোমবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ জানুয়ারি এ ও এইচ ইউনিট, ১৯ জানুয়ারি বি ইউনিট, ২০ জানুয়ারি সি ইউনিট, ২১ জানুয়ারি ডি, ই ও এফ ইউনিট এবং ২২ জানুয়ারি জি ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো চারটি শিফটে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট, বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত তৃতীয় শিফট এবং বিকেল চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চতুর্থ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার ফল ২৫ জানুয়ারির মধ্যে প্রকাশিত হবে। মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলবে ১ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি, বিভিন্ন কোটায় ভর্তি এবং বিভাগ পরিবর্তন-সংক্রান্ত কার্যক্রম চলবে ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা প্রথমে গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যাওয়ার পর যথাক্রমে ২২ ও ৩০ নভেম্বর নতুন তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পরে তা আবারও স্থগিত হয়ে যায়। এ বছর আটটি ইউনিটের অধীনে ২২টি বিভাগে মোট এক হাজার ৪৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৫১ জন পরীক্ষার্থী লড়বে।