ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে হলো কম্পিউটার মেলা
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে হয়ে গেল কম্পিউটার মেলা। দুই দিনব্যাপী এই মেলা শেষ হয়েছে গত শনিবার। ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করেন। মেলায় গেম প্রতিযোগিতা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনী ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন ছিল। প্রোগ্রামিং প্রতিযোগিতায় ছিল বুয়েটের প্রাধান্য। ১২টি সমস্যার মধ্যে ছয়টি সমাধান করে প্রথম হয় বুয়েট অ্যানাইহিটর দল। চারটি সমাধান করে বুয়েটের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘আত্রিতাস’, ‘আসিব ফিরে’ দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘রেজোনেন্স’, বুয়েটের ‘বুদবুদ’ তিনটি সমস্যার সমাধান করে। বিজয়ীদের মধ্যে গতকাল পুরস্কার বিতরণ করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমেদ।গেম প্রতিযোগিতায় ফিফা ০৭ গেমে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অদীপ প্রথম, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের এস এম রকিবুল কাদির দ্বিতীয় এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের তৌফিক আকবর তৃতীয় হন। মোস্ট ওয়ান্টেড গেমে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আলী রহমান প্রথম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শাহরিয়ার রউফ ও ইউল্যাবের সুবীর আল আজাদ। —প্রতিবেদক