ইয়াহু নিয়ে মারিসার গোপন পরিকল্পনা!
অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ফেসবুক ও গুগলের চেয়ে পিছিয়ে পড়েছে ইয়াহু। ইয়াহুর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মারিসা মেয়ারকে তাই অনেক পরিকল্পনা নিয়ে সামনে এগোতে হচ্ছে। সম্প্রতি বিজনেস ইনসাইডারে ইয়াহু নিয়ে মারিসা মেয়ারের গোপন পরিকল্পনার বিষয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।ইয়াহুতে যোগ দেওয়ার পর মারিসা মেয়ার প্রথমেই সব কর্মকর্তাকে তাঁদের চলমান প্রকল্পে মনোযোগী হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। তবে ইয়াহুকে বাঁচাতে তিনি ঠিক কী পরিকল্পনা আঁটছেন, তা নিয়ে এখনো মুখ খোলেননি মারিসা। প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, মারিসার গোপন যে পরিকল্পনা প্রথমে আসছে, তা গুগলের অভিজ্ঞতাজাত। তিনি এ অভিজ্ঞতার আলোকে ইয়াহুর পণ্য নিয়ে কাজ করবেন। জানা গেছে, ওয়েবের জন্য তিনি সফটওয়্যার তৈরি করতে পারেন।মারিসার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়াহুর বর্তমান পণ্যব্যবসাকেই আরও গুরুত্ব দেবেন তিনি। ইয়াহু মেইল, স্পোর্টস, নিউজ ও ফাইন্যান্স থাকবে তাঁর গোপন পরিকল্পনায়। মারিসা হয়তো অনলাইনভিত্তিক বেশ কিছু প্রতিষ্ঠান কিনে ইয়াহুর সেবার মান বাড়াতে পারেন। গুগলের সাবেক কর্মকর্তা মারিসা জিমেইলের উন্নয়নে কাজ করেছিলেন। ইয়াহুতে তাঁর পরিকল্পনায় ইয়াহু মেইলকে ঢেলে সাজানোর বিষয়টিও থাকবে। টুইটার, ইনস্টাগ্রামের নিয়মিত ব্যবহারকারী মারিসা ইয়াহুতে নতুন করে এ রকম সেবা চালু করলে অবাক হওয়ার কিছু থাকবে না।