ইয়াহু মেইল জটিলতায় ক্ষমা চাইলেন মেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিসা মেয়ার
মারিসা মেয়ার

এক সপ্তাহের বেশি সময় ধরে ইয়াহু মেইল ব্যবহারকারীরা মেইল ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। অনেকেই ইয়াহুর মেইল সার্ভিস পুরোপুরি অচল পাচ্ছেন। ডাটা সেন্টারে জটিল এক হার্ডওয়্যার সমস্যার কারণে ইয়াহু কর্তৃপক্ষও এ সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছে। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার মেইল ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
ইয়াহুর অধীনে যাওয়া ব্লগ প্ল্যাটফর্ম টাম্বলারে এক বার্তায় মারিসা জানিয়েছেন, ‘ইয়াহু মেইল সেবা ব্যবহারকারীদের জন্য গত এক সপ্তাহ ছিল চরম হতাশার এবং এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের অনেকের কাছে ইয়াহু মেইল বন্ধু, পরিবার ও গ্রাহকদের সঙ্গে যোগাযোগের প্রধান উপায়।’
মারিসা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে ইয়াহু মেইল হঠাত্ অচল হয়ে পড়ে এতে শুধু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি বরং এতে ব্যবহারকারীদের অনেককেই চরম অসুবিধায় পড়তে হয়েছে।
মারিসা বলেন, গত সোমবার ডাটা সেন্টারের হার্ডওয়্যার সমস্যার কারণে মাত্র এক শতাংশ ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। ২৮ কোটি ইয়াহু মেইল ব্যবহারকারীর মধ্যে তিন লাখ ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন।
এদিকে, ইয়াহু মেইল ব্যবহারকারীদের অনেকেই এ ঘটনায় চটেছেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার ও ফেসবুকে তাদের মত প্রকাশ করে ইয়াহু ছেড়ে জিমেইলে যাওয়ার হুমকিও দিয়েছেন।
ইয়াহু জানিয়েছে, ইয়াহুর মেইল সেবা ব্যবহারকারীদের অনেকেই ৯ ডিসেম্বর থেকে মেইল ব্যবহার করতে সমস্যায় পড়ছেন যা এখনও পুরোপুরি ঠিক হয়নি। ইয়াহুর দাবি, তারা সমস্যা সমাধান করতে সর্বোচ্চ চেষ্টা করছে।

সমস্যা প্রসঙ্গে ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মেইল সেবা নিয়ে ইয়াহু যে সমস্যায় পড়েছে, তা আমাদের ধারণার চেয়েও বেশি জটিল। এ কারণেই  এটি সমাধান করতে বেশি কষ্ট হচ্ছে।’

গত বুধবার ইয়াহু জানিয়েছিল, ইয়াহুর যে সার্ভারগুলোতে সমস্যা হচ্ছিল তা আবার চালু হয়েছে কিন্তু এখনো কিছু ব্যবহারকারীর মেইল অ্যাকাউন্ট চালু হতে সমস্যা হচ্ছে। তবে শিগগিরই এ সমস্যা সমাধান হবে বলে ইয়াহু আশা করছে।