ইয়াহুকে কিনতে চায় চীনের আলিবাবা!
চীনের শীর্ষ ই-কমার্স সাইট আলিবাবা জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু কেনার আগ্রহ প্রকাশ করেছে। সাইটটি ইতিমধ্যে এ ব্যাপারে ইয়াহু কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে। আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক মার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল সোমবার এ তথ্য জানায়। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জ্যাক মা বলেন, ‘আমরা ইয়াহু কিনে নিতে খুবই আগ্রহী। এ ব্যাপারে আমরা ইয়াহু কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। ইয়াহু গত মাসে তার কর্মীদের কাছে একটি স্মারকলিপি পাঠায়। এতে বলা হয়, ইয়াহুর পরিচালনা পর্ষদ কোম্পানির একটি অংশ বিক্রি করতে চাইছে।’ ইয়াহু জানায়, ক্যারল বার্জকে নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়ার পর বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইয়াহু কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। সর্বশেষ আগ্রহ দেখাল আলিবাবা। অথচ ছয় বছর আগে আলিবাবার ৪৩ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল ইয়াহু। এদিকে ইয়াহুর অ্যাপ্লিকেশন ও মোবাইল শাখার ভাইস প্রেসিডেন্ট স্টিভ ডোটি বলেছেন, ক্যারল বার্জকে বরখাস্ত করায় তাঁদের প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি। বুধবার সানফ্রানসিসকোয় ইয়াহুর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা আগের অবস্থানেই আছি এবং নির্ধারিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। নিয়োগ পাওয়ার তিন বছরেরও কম সময় পর গত ৬ সেপ্টেম্বর ইয়াহুর পরিচালনা পর্ষদ ক্যারল বার্জকে বরখাস্ত করে। ইয়াহু এখনো প্রধান নির্বাহী কর্মকর্তার পদে কাউকে নিয়োগ দেয়নি। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান