ইয়াহুতে ভাইরাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াহু
ইয়াহু

ইয়াহু ব্যবহারকারীরা ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে নেদারল্যান্ডসের একটি ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান। এক খবরে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।
ইয়াহু নেটওয়ার্কে থাকা কিছু বিজ্ঞাপনে ক্লিক পড়লে ব্যবহারকারীরা ম্যালওয়্যারে পূর্ণ ওয়েবসাইটে চলে যাচ্ছেন যেখান থেকে ব্যবহারকারীর কম্পিউটারে ক্ষতিকর ভাইরাস ইনস্টল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফক্স আইটির এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা ইয়াহু অ্যাড নেটওয়ার্ক কয়েকটি নমুনা পরীক্ষা করে দেখেছেন যে প্রতি ঘণ্টায় ২৭ হাজার ট্রাফিক ম্যালওয়্যার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে রোমানিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স।
ম্যালওয়্যার আক্রান্তের এই ঝুঁকি সম্পর্কে ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াহু সার্ভারে ম্যালওয়্যারের বিষয়টি নিয়ে তারা কাজ করছে এবং এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ইয়াহু কর্তৃপক্ষ। যেসব বিজ্ঞাপন থেকে ম্যালওয়্যার ছড়াচ্ছে সেগুলো দ্রুত বন্ধ করে দেওয়া হবে বলেও ইয়াহু জানিয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ইয়াহু মেইল ব্যবহারকারীরা এক সপ্তাহের বেশি সময় ধরে মেইল জটিলতায় পড়েছিলেন। ডাটা সেন্টারে জটিল এক সমস্যার কারণে অনেকেই ইয়াহু মেইল ব্যবহার করতে পারছিলেন না।