ইয়াহুতে ভাইরাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে ওয়েবভিত্তিক ই-মেইল সেবাদাতা ইয়াহু মেইলের কয়েক হাজার ই-মেইল ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত কয়েক দিনে ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছেন ইয়াহুর ব্যবহারকারীরা। ফলে সমস্যায় পড়েছেন অনেক ব্যবহারকারী। ইয়াহুর সার্ভারে থাকা বিভিন্ন বিজ্ঞাপনী ওয়েবসাইটের মাধ্যমে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এ ভাইরাস ছড়িয়ে পড়ার হারও ছিল ভয়াবহ রকমের। প্রতি ঘণ্টায় তিন লাখ ম্যালওয়্যার ব্যবহারকারীর কাছে যাচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে ইয়াহু মেইল ব্যবহার করছেন—এমন ২৭ হাজারের বেশি ব্যবহারকারী এ ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছেন।
ফক্স নিউজ জানায়, ইয়াহু সার্ভারে থাকা বিভিন্ন বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনে ক্লিক করলে ব্যবহারকারীরা ম্যালওয়্যারপূর্ণ ওয়েবসাইটে চলে যাচ্ছেন। আর এতে ওই ওয়েবসাইট থেকে ক্ষতিকর ভাইরাস ইনস্টল হয়ে যাচ্ছে ব্যবহাকারীর কম্পিউটারে। এ আক্রমণের শিকার বেশি হয়েছেন যুক্তরাজ্য, ফ্রান্স ও রোমানিয়ার ব্যবহারকারীরা।
কম্পিউটারের অপারেটিং সিস্টেমের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যও চুরি (ক্র্যাক) করতে পারে এ ভাইরাস।
এ বিষয়ে ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বিজ্ঞাপন থেকে ম্যালওয়্যার ছড়াচ্ছে, সেগুলো ইতিমধ্যে শনাক্ত করে অপসারণও করা হয়েছে। এর মধ্যে নিরাপদ থাকতে ইয়াহুতে থাকা যেকোনো বিজ্ঞাপনের ওয়েব ঠিকানায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম