ইয়াহুতে যোগ দিলেন লাখ ডলারের নিক!
জনপ্রিয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহুতে এবার যোগ দিলেন যুক্তরাজ্যের কিশোর অ্যাপ্লিকেশন নির্মাতা নিক ডি’আলোইসিও। ১৭ বছর বয়সী নিক স্মার্টফোনের জন্য ‘সামলি’ নামের একটি অ্যাপ্লিকেশন তৈরি করে সাড়া জাগিয়েছেন। এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাঠক সহজেই খবরের সারসংক্ষেপ পড়তে পারেন। যার ফলে পূর্ণাঙ্গ খবর না পড়েও সারসংক্ষেপ পড়েই খবরের বিস্তারিত জানা যায়। এবার নিককেই লাখ ডলারের বিনিময়ে ইয়াহুর মোবাইল পণ্য বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইয়াহু কর্তৃপক্ষ। মাত্র ১৫ বছর বয়সেই সামলি তৈরি করেন নিক। আর সামলি অ্যাপসটি চালুর পরই অ্যাপলের অ্যাপস্টোর থেকে নামানো (ডাউনলোড) অ্যাপের তালিকায় শীর্ষ দশে স্থান করে নেয়। এ ছাড়া অ্যাপসটি তৈরি করতে সে সময় বিভিন্ন বিনিয়োগকারী প্রায় ১০ লাখ ডলারের বেশি বিনিয়োগও করেছিলেন।নতুন এ নিয়োগের ফলে সামলির নানা সুবিধা এখন ইয়াহুর মোবাইল বিভাগে ব্যবহূত হবে। আর সামলির নিক ডি’আলোইসিওসহ পুরো দল ইয়াহুর হয়ে কাজ করবে। পাশাপাশি খুব শিগগির অ্যান্ড্রয়েডের জন্য সামলির সংস্করণ তৈরির কাজ শুরু হবে বলেও জানা গেছে। নিক বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সামলির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই। কারণ, সবার সহযোগিতা না পেলে আজ সামলি এ অবস্থানে আসতে পারত না।’ ইয়াহুতে যোগ দেওয়ার বিষয়ে ইয়াহুর মোবাইল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম চাহান বলেন, ‘আমি বেশ আগ্রহী এবং রোমাঞ্চিত যে নিক ডি’আলোইসিওর সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করতে পারব।’ —বিবিসি অবলম্বনে কাজী আলম