ইয়াহুর দুই হাজার কর্মী ছাঁটাই, স্কাইপের ৪০০ নিয়োগ
ইয়াহু ইনকরপোরেশনের ১৪ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাহী স্কট থম্পসন। এদিকে একই সময়ে নতুন ৪০০ জন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপি। খরচ বাঁচাতে ও ইয়াহুকে আরও ছোটো আকারের কোম্পানি করে লাভের মুখ দেখাতেই দুই হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন থম্পসন।বিবিসি জানিয়েছে, ফেসবুক ও গুগলের প্রতিদ্বন্দ্বিতার মুখে ক্রমেই ধুঁকতে থাকা ইয়াহুকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে থম্পসন এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ইয়াহু এক হাজার কর্মী ছাঁটাই করতে পারে বলে খবর রটেছিল। আজ বুধবার দুই হাজার কর্মী ছাঁটাইয়ের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ইয়াহুর কাছ থেকে। তবে কবেনাগাদ কর্মী ছাঁটাই শুরু হবে, সে সম্পর্কে ইয়াহু কোনো তথ্য দেয়নি। এ নিয়ে গত চার বছরে ছয়বার কর্মী ছাঁটাই করল প্রতিষ্ঠানটি।ইয়াহুকে লাভে ফেরাতে ইয়াহুর আগের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারোল বার্টজকে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বরখাস্ত করে ইয়াহুর পরিচালনা পর্ষদ। চলতি বছরই ইয়াহুর শেয়ারহোল্ডারদের চাপে চেয়ারম্যান রয় বসটক ও প্রতিষ্ঠাতা জেরি ইয়াং ইয়াহু থেকে পদত্যাগ করেছেন। চাপের মুখে রয়েছেন নতুন নিয়োগ পাওয়া থম্পসনও। এর মধ্যে তিনি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলেন। এদিকে, পেটেন্ট নিয়ে ফেসবুকের সঙ্গে দ্বন্দ্ব চরমে উঠেছে ইয়াহুর। আজই ফেসবুক পেটেন্ট ভঙ্গের দায়ে ইয়াহুর বিরুদ্ধে পাল্টা মামলা করেছে।ইয়াহুর এ দুর্দিনে ঠিক উল্টো অবস্থানে রয়েছে স্কাইপ। মাইক্রোসফটের অধীনে যাওয়ার পর স্কাইপের ব্যবহার আরও বেড়েছে। তাই কর্মিসংখ্যা বাড়াতে মনোযোগী হয়েছে প্রতিষ্ঠানটি।