ইয়াহুর নতুন প্রধান নির্বাহী
প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্চ ইঞ্জিন গুগলের কর্মকর্তা মারিসা মেয়ারকে নিয়োগ দিয়েছে। গতকাল মঙ্গলবার তিনি নতুন পদে তাঁর দায়িত্ব গ্রহণ করেন। ইয়াহু প্রকাশিত এক বিবৃতিতে ৩৭ বছর বয়সী মেয়ার বলেছেন, এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে পারবেন, এই ভেবে তিনি সম্মানিত ও আনন্দিত বোধ করছেন। তিনি পরে জানান যে তিনি খুব শিগগিরই মা হতে যাচ্ছেন। গত মে মাসে ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট থম্পসন পদত্যাগ করেন। ইয়াহুতে চাকরির আবেদনের সময় থম্পসন জীবনবৃত্তান্তে তাঁর শিক্ষা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন—এমন অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারোল বার্জকে বরখাস্ত করা হয়। তিনি প্রায় আড়াই বছর এই দায়িত্ব পালন করেন। ইয়াহুকে বেশ কয়েক বছর ধরেই গুগল ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ওয়েবপোর্টাল হওয়া সত্ত্বেও এটি তেমনভাবে জনপ্রিয়তা পাচ্ছে না। বাজারে ইয়াহুর শেয়ারের দাম অনেক পড়ে গেছে। ইয়াহুর সংবাদ বিভাগ এখনো বহু লোককে আকর্ষণ করলেও এর সার্চ ইঞ্জিন ও ই-মেইল বলতে গেলে কেউ ব্যবহার করে না। অনেক তথ্যপ্রযুক্তি বিশ্লেষক মনে করছেন, মারিসা মেয়ারের নিয়োগের ফলে ইয়াহুর বর্তমান অবস্থার পরিবর্তন ঘটবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী মারিসা ১৯৯৯ সালে গুগলে যোগ দেন। তিনি গুগলের সার্চ ইঞ্জিন এবং হোম পেজ তৈরিতে বিশেষ ভূমিকা রাখেন। অতিসম্প্রতি তিনি গুগলের ম্যাপিং সার্ভিসে (গুগল ম্যাপস, আর্থ, লোকাল ও স্ট্রিট ভিউ) যোগ দিয়েছিলেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান