ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা অপসারিত
ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যারোল বার্জকে বরখাস্ত করা হয়েছে। প্রায় আড়াই বছর এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদে থেকে দায়িত্ব পালনের পর তিনি অপসারিত হলেন। ইয়াহুর পরিচালনা পর্ষদ গত মঙ্গলবার তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে বলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানের এক বিবৃতিতে জানানো হয়। বরখাস্ত হওয়ার খবর বার্জ (৬২) তাঁর সহকর্মীদের ই-মেইল বার্তায় জানান। তিনি লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ইয়াহু পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমাকে বরখাস্ত করেছেন।’ ই-মেইল বার্তায় তিনি আরও বলেন, ‘আপনাদের সঙ্গে কাজ করে আমি অনেক আনন্দ পেয়েছি। আপনারা সবাই সামনে এগিয়ে যান, এই কামনা রইল।’ নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত ইয়াহুর প্রধান অর্থনীতিবিষয়ক কর্মকর্তা টিমোথি মোর্স ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। বাজারে অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে ইয়াহু জোর লড়াই চালাচ্ছে। প্রতিনিয়ত গুগল ও ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে ইয়াহুকে। ক্যারোল বার্জ ২০০৯ সালে ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতা জেরি ইয়াংয়ের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। প্রযুক্তি বিশ্লেষক ল্যারি ম্যাগিড বলেন, ক্যারোল বার্জের নেতৃত্বে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য তেমন কোনো অগ্রগতি হয়নি। —এএফপি ও রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান