ইয়াহুর প্রধান নির্বাহীর দায়িত্ব নিচ্ছেন জ্যাসন কিলার!
ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেতে পারেন ভিডিওবিষয়ক ওয়েবসাইট হুলু এলএলসির প্রধান জ্যাসন কিলার। ব্যবসা, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলায় থাকা ইয়াহু স্থায়ী প্রধান কর্মকর্তা হিসেবে জ্যাসনকেই নিয়োগ দিতে পারে। এক খবরে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল এক সূত্রের বরাতে জানিয়েছে, এ বছরের মে মাসে জীবনবৃত্তান্তে ঘষামাজার অভিযোগে ইয়াহু থেকে সরে দাঁড়ানো প্রধান নির্বাহী স্কট থম্পসনের পর জ্যাসন কিলার তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন। প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে স্কট থম্পসনের সরে দাঁড়ানোর পর ইয়াহুর গ্লোবাল মিডিয়া প্রধান রস লেভিনসন অন্তর্বর্তীকালীন ইয়াহুর পরিচালনা পর্ষদে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। বর্তমানে ইয়াহুর এই পদটির জন্য তিনিও জ্যাসনের শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন।জ্যাসন কিলার এ বিষয়ে এখনই মুখ খুলতে রাজি হননি। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ইয়াহুর প্রধান নির্বাহীর পদটিকে এখন সবচেয়ে চ্যালেঞ্জিং পদ মনে করা হচ্ছে। ইয়াহুর এই পদটিতে স্কট থম্পসন মাত্র পাঁচ মাস টিকে ছিলেন। ফেসবুক, গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া ইয়াহুকে লাভের মুখে ফেরাতে কাজ করতে হবে নতুন কর্মকর্তাকে। ইয়াহুর ১১ সদস্যের পরিচালনা পর্ষদ তাই অন্তর্বর্তীকালীন সিইওর পরিবর্তে প্রযুক্তির জ্ঞান রয়েছে এমন কর্মকর্তাকে নিয়োগ দিতে চান। আর এদিক থেকে জ্যাসন উপযুক্ত।’