ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা জেরি ইয়াংয়ের পদত্যাগ
সার্চ ইঞ্জিন ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা জেরি ইয়াং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ইয়াহু জাপান ও আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকেও পদত্যাগ করেছেন। এ ছাড়া তিনি ‘চিফ ইয়াহু’ পদবিটিও প্রত্যাহার করেছেন। গতকাল বুধবার ইয়াহুর এক বিবৃতিতে তাঁর পদত্যাগের কথা জানানো হয়। পেপলের সাবেক নির্বাহী স্কট টমসনকে ইয়াহুর নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়ার দুই সপ্তাহ পর জেরি ইয়াং প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করলেন।ইয়াহুর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রয় বস্টকের কাছে পাঠানো এক চিঠিতে জেরি ইয়াং লিখেছেন, ‘এখন ইয়াহুর বাইরে গিয়ে আমার অন্য কাজ করার সময় এসেছে। ১৭ বছর আগে ১৯৯৫ সালে ডেভিড ফিলোর সঙ্গে এই কোম্পানি প্রতিষ্ঠিত করেছি। যেমনটা আশা করা হয়েছিল, সে রকম সাফল্যের সঙ্গে এত দিন কাজ করেছে ইয়াহু। নতুন প্রধান নির্বাহী হিসেবে স্কট টমসনের নিয়োগে আমি দারুণভাবে উত্সাহিত হয়েছি। আশা করি, তাঁর নেতৃত্বে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও ভালো করবে।’ ২০০৭ সালের জুন থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ইয়াং ইয়াহুর প্রধান নির্বাহী ছিলেন। ইয়াহু থেকে পদত্যাগ করলেও বর্তমান ব্যবস্থাপনা পর্ষদের প্রতি জেরি ইয়াং তাঁর সমর্থন ব্যক্ত করেছেন। ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর এই পদত্যাগ দ্রুত কার্যকর হবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান