টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ও বিদেশি ই-কমার্স প্রতিষ্ঠানগুলো আমাদের দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। এতে দেশীয় সব উদ্যোক্তা লোকসানের মুখে পড়ছেন। এ ব্যাপারে এখনই উদ্যোগ না নিলে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে। গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘দেশীয় ই-কমার্স শিল্পের জন্য সঠিক দিকনির্দেশনা, নেট নিউট্রালিটি ও সুষ্ঠু প্রতিযোগিতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
গোলটেবিলে বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘ই-কমার্স খাতের উন্নয়ন নিশ্চিতকরণ ও সম্মিলিতভাবে খাতটিকে এগিয়ে নিতে একটি কর্মপন্থা তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি। ই-কমার্স নীতিমালা নিয়েও কাজ হবে। দেশীয় ই-কমার্স রক্ষা এবং বিকাশে বেসিস, ই-ক্যাব, আইএসপিএবি, বাক্যকে নিয়ে যৌথভাবে একটি প্ল্যাটফর্ম গঠন করা হবে।’
আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ কে এম ফাহিম মাশরূর বলেন, বর্তমানে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো ই-কমার্স ব্যবসায় নামছে। এতে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা হবে না। সবার আগে প্রয়োজন নেট নিউট্রালিটি।’ রকমারি ডটকমের সিইও মাহমুদুল হাসান বলেন, টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো যদি ই-কমার্স ব্যবসায় নামে, তাহলে অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে। এসো ডটকমের সিইও দিদারুল আলম বলেন, ‘আমরা যখন চেষ্টা করছি আমাদের দেশীয় প্রতিষ্ঠানকে একটা ভালো জাগায় পৌঁছানোর, ঠিক তখনই টেলিকম প্রতিষ্ঠানগুলো এই ব্যবসায় নেমে আমাদের ক্ষতিগ্রস্ত করছে।’
বৈঠকে আরও বক্তৃতা করেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি এম রাশিদুল হাসান, বেসিসের ডিজিটাল কমার্স-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান সৈয়দা কামরুন আহমেদ, আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আলী কামরান আল জাহিদ, প্রিয়শপের সিইও আশিকুল আলম খানসহ দেশের আইসিটি খাতের বাণিজ্য সংগঠনের নেতা এবং বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।