ই-কমার্স সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ই-কমার্সকে আরও জনপ্রিয় করে তুলতে হলে সাধারণ মানুষকে ই-কমার্স সম্পর্কে সচেতন করতে হবে। এ জন্য জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মেলার আয়োজন করা যেতে পারে। একই সঙ্গে ই-কমার্স সম্পর্কে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে হবে। এ জন্য অবশ্যই পণ্য সরবরাহব্যবস্থা উন্নত করতে হবে।

গত শুক্রবার রাজধানীর এক রেস্তোরাঁয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ই-কমার্স মাস উদ্যাপন অনুষ্ঠানে উপদেষ্টা শিক্ষাসচিব নজরুল ইসলাম খান এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি মোস্তাফা জব্বার বলেন, বাণিজ্য সংগঠনের প্রধান কাজ হচ্ছে তাদের সদস্যদের জন্য ব্যবসার পথ তৈরি করা এবং বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করা। এ কাজটি ই-ক্যাব ভালোভাবে করে যাচ্ছে। অনলাইনে প্রতারণা রোধে ই-ক্যাবকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। বেশির ভাগ ই-কমার্স প্রতিষ্ঠান এখনো ক্ষুদ্র ব্যবসার আওতায়। তাই এসএমই ফাউন্ডেশন থেকে ই-কমার্স ব্যবসায়ীরা যেন তহবিল পান, সে ব্যবস্থা করতে হবে। বিসিএসের সাবেক সভাপতি মো. সবুর খান বলেন, ই-ক্যাব নতুন ই-কমার্স উদ্যোক্তাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি রাজীব আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্য ই-ক্যাবকে সদস্যদের একটি সংগঠন হিসেবে গড়ে তোলা।’ দেশে ই-কমার্সকে জনপ্রিয় করতে ই-ক্যাব ২০১৫ সালকে ‘ই-কমার্স বছর’ হিসেবে ঘোষণা করে। এর অংশ হিসেবে ৭ এপ্রিল ‘ই-কমার্স দিবস’ এবং এপ্রিলকে ‘ই-কমার্স মাস’ হিসেবে পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট) কে এম আবদুল ওয়াদুদ, ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদসহ অনেকে। রাফাত জামিল