ই-কমার্সে বৈষম্যহীন প্রতিযোগিতা নিশ্চিত করার দাবি নিয়ে নতুন সংগঠন
‘টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো ই-কমার্স ব্যবসায় নামছে। এতে ছোট ছোট ই-কমার্স প্রতিষ্ঠানগুলো অঙ্কুরে বিনষ্ট হচ্ছে। এখনই রুখে না দাঁড়ালে অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।’ গতকাল বুধবার বেসিস মিলনায়তনে বাংলাদেশ অ্যালায়েন্স ফর ফেয়ার কমপিটিশনের (বাফকম) উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাফকমের আহ্বায়ক এবং বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অলাভজনক জোট হিসেবে বাফকম সব খাতের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হবে। ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, জেসিআই, বেসিস, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ই-ক্যাব, বাক্য, আইএসপিএবি, বাংলাদেশ কপিরাইট ও আইপি ফোরাম, বাংলাদেশ ইনোভেশন ফোরাম, মিউজিক ইন্ডাস্ট্রি বাংলাদেশসহ অন্যান্য জোট ও সংগঠনগুলো বাফকমে থাকছে। এই ফোরামের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবসায় খাতে বৈষম্যহীন উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সহসভাপতি আতিক-ই-রাব্বানী বলেন, ‘সরকারের উচিত বিদেশি বড় প্রতিষ্ঠানকে আরও বড় না করে ছোট ছোট মাঝারি প্রতিষ্ঠান কীভাবে টিকে থাকতে পারে তার ব্যবস্থা করা।’
সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, টাই ঢাকার সহসভাপতি ফারজানা চৌধুরী, রায়ানস আইটি লিমিটেযের প্রধান নির্বাহী আহমেদ হাসান, বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টারস অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) সভাপতি রুহুল আলম আল মাহবুব, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের টেলিকম ও আইটি কমিটির আহ্বায়ক হাবিবুল্লাহ এন করিমসহ অনেকে।