ই-ক্যাবের খবরভিত্তিক ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এই খাতের খবর প্রকাশের জন্য চালু করেছে ই-ক্যাব নিউজ (news.e-cab.net) ওয়েবসাইট। দেশ ও বিদেশের ই-কমার্স খাতের খবর, ই-কমার্স বিশেষজ্ঞদের মতামত এবং সফল ব্যক্তিদের সাক্ষাৎকার থাকবে এই সাইটে।
৫ মে ঢাকায় ই-ক্যাবের কার্যালয়ে এর উদ্বোধন করেন অ্যাসোসিওর সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি মোস্তাফা জব্বার। তাঁরা ই-ক্যাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনা দেন।
মোস্তাফা জব্বার বলেন, ই-ক্যাবের এই খবরভিত্তিক ব্লগ প্রশংসনীয় উদ্যোগ। ই-কমার্সের বিদেশি খবরের পাশাপাশি দেশি ই-কমার্সের খবরও দিতে হবে।
আবদুল্লাহ এইচ কাফি বলেন, বাংলাদেশে ই-কমার্সের বিস্তারে ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এতে কোনো সন্দেহ নেই। তাদের বেশির ভাগই বয়সে তরুণ। এ জন্য তাদের বিভিন্ন বিষয়ে জানতে হবে এবং শিখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক, বাংলাদেশের প্রথম ই-কমার্স সাইট মুন্সিজি ডট কমের প্রতিষ্ঠাতা মো. গিয়াস উদ্দীন প্রমুখ।
বিজ্ঞপ্তি