ই-মেইলে স্বয়ংক্রিয় প্রত্যুত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক সময় কাজের চাপে বা ছুটিতে থাকলে ইন্টারনেটে যুক্ত হয়ে ই-মেইল দেখে রিপ্লাই করার সময় না-ও হতে পারে। আবার কখনো দেখা গেল ঈদের লম্বা ছুটিতে গ্রামের বাড়িতে গেছেন, কিন্তু ঠিকমতো ইন্টারনেট সংযোগ না পাওয়ায় গুরুত্বপূর্ণ ই-মেইলের প্রত্যুত্তর করতে পারছেন না। এমন সমস্যায় চাইলেই আপনার ব্যবহৃত ই-মেইলের ভ্যাকেশন রেসপন্স সেবা সক্রিয় করে নিলে ই-মেইল প্রেরকের কাছে আপনার লিখে দেওয়া দরকারি বার্তা স্বয়ংক্রিয় প্রত্যুত্তর (অটো রিপ্লাই) হিসেবে চলে যাবে।
যা করতে হবে
জিমেইলের জন্য: আপনার জিমেইলে অ্যাকাউন্টে লগ-ইন করুন। এবার এখানের ওপরের ডানে গিয়ার মেনুতে ক্লিক করে Settings-এ যান। এখানের General ট্যাবের Vacation responder-এর Vacation responder on-এ ক্লিক করুন। এবার পর্যায়ক্রমে First Day এবং Last day-এর ঘরে যথাক্রমে স্বয়ংক্রিয় রিপ্লাই শুরু এবং শেষ হওয়ার দিন নির্ধারণ করে দিন। Subject-এর ঘরে এসে Auto Response লিখুন অথবা আপনার পছন্দমতো সাবজেক্ট লিখে দিন। Message-এর ঘরে আপনার প্রয়োজনীয় বার্তা লিখে দিন। এখানের Only send a response to people in my Contacts-এ টিক দিলে আপনার E-mail Contacts-এ থাকা নির্ধারিত ব্যক্তির কাছেই শুধু স্বয়ংক্রিয় বার্তাটি চলে যাবে। এবার Save Changes বোতাম চাপলে পুরো কাজটি সম্পন্ন হয়ে যাবে।

ইয়াহু! মেইলের জন্য: আপনার ইয়াহু মেইলে লগ-ইন করে ওপরের ডানের গিয়ার মেনুতে ক্লিক করে Settings-এ চলে যান। Settings চালু হলে বামের মেনু থেকে Vacation Response-এ ক্লিক করুন। Enable during these dates (inclusive) চেক বক্সে টিক চিহ্ন দিন। এখন From এবং Until বক্সে যথাক্রমে কবে থেকে এবং কবে শেষ হবে সেটির তারিখ নির্ধারণ করে দিন। নিচের বার্তা লেখার ঘরে প্রয়োজনীয় বার্তা লিখুন। Send Sample Copy To Me নির্বাচন করে দিলে বার্তার অনুলিপি (কপি) আপনার মেইলেও চলে যাবে। নিচের Save বোতাম চাপলেই ভ্যাকেশন রেসপন্স সক্রিয় হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত কেউ মেইল করলেই স্বয়ংক্রিয় বার্তাটি প্রত্যুত্তর হিসেবে তার ই-মেইলে চলে যাবে। এ ছাড়া Different response to emails from a specific domain-তে টিক চিহ্ন দিয়ে পরের কাজগুলো শেষ করলে নির্দিষ্ট ডোমেইনের জন্য স্বয়ংক্রিয় প্রত্যুত্তর চলে যাবে।
রাকিবুল হাসান