ই-লার্নিং নিয়ে মূহীতের স্বপ্ন

হাতের নাগালে চলে এসেছে কম্পিউটার, ট্যাব আর স্মার্টফোনের মতো যন্ত্র। এসব যন্ত্র চালিয়ে কথা শুনে, অ্যানিমেশন দেখে যদি পড়াশোনা করা যায়, তবে তো তাতে আনন্দই বাড়ে। ইলেকট্রনিক লার্নিং বা ই-লার্নিংয়ের এটা এক মূল বৈশিষ্ট্য। তবে দেশে ই-লার্নিংয়ের উপযোগী পাঠ্য বিষয় (কনটেন্ট) খুব সহজলভ্য নয়। এই কনটেন্ট তৈরির কাজ করছেন মূহীত আবদুল্লাহ।
মূহীতের জন্ম ১৯৮০ সালে ঢাকায়, বেড়ে ওঠাও ঢাকাতেই। শিক্ষা গবেষণায় স্নাতক ও ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। শিক্ষকতা করেছেন রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। সর্বশেষ পাঞ্জেরী প্রকাশনীতে ছিলেন ইংরেজি সংস্করণের প্রধান হিসেবে। এরপর নেমে পড়ছেন ই-লার্নিংয়ের কনটেন্ট তৈরির কাজে। রাজারবাগে নিজের ফ্ল্যাটের চারটি ঘরের মধ্যে দুটিতে ই-লার্নিংয়ের কনটেন্ট তৈরির জন্য আটজনকে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি। পরিবারে আছেন তাঁর স্ত্রী ও দেড় বছরের সন্তান।
মূহীত বলেন, ‘বাংলাদেশে ই-লার্নিং শিল্প গড়ার স্বপ্ন আমার। অনেক দূর এগিয়েছি। বিশ্বজুড়ে ই-লার্নিংয়ের প্রসার বাড়ছে এবং শিক্ষার্থীদের সামনে জ্ঞানের অবারিত দরজা খুলে যাচ্ছে। অনেক দেশে ই-লার্নিং মূলধারায় চলে এসেছে। আমাদের দেশেও এটি জনপ্রিয় হবে।’
ই-লার্নিং হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, ট্যাব কিংবা মোবাইল ফোনে কনটেন্ট ও নির্দেশনা দেওয়ার বিশেষ প্রযুক্তি, যা নিজের জ্ঞান ও দক্ষতা বাড়িয়ে দেয়। মূহীতের মতে, মানুষ এখন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। আজকের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে যোগ্য হিসেবে গড়তে ই-লার্নিং বেশি গুরুত্বপূর্ণ। কারণ, শ্রেণিকক্ষে বসে পড়ার বিষয়টি ভবিষ্যতে থাকবে না।’

বাংলাদেশে ই-লার্নিংকে ছড়িয়ে দিতে ২০০৫ সালে ‘সেন্টার ফর ইফেকটিভ এডুকেশন অ্যান্ড ভেভেলপমেন্ট’ বা সিড নামে প্রতিষ্ঠান চালু করেছেন মূহীত। ২০০৫-এর আগে ঢাকা এডুকেয়ার নামে একটি কোচিং সেন্টার ছিল তাঁর। মূহীত বলেন, সিড থেকে বিশ্বমানসম্পন্ন শিক্ষামূলক ও উন্নয়নমূলক বিভিন্ন ই-লার্নিং উপকরণ তৈরি ও সেবা দিতে কাজ করা হবে। সিড থেকে তৈরি করা হচ্ছে টকিং ই-বুক নামের একটি পণ্য। এটি মূলত একটি ইন্টারঅ্যাকটিভ ই-বুক, যা শিক্ষার্থীকে শুদ্ধ উচ্চারণে কনটেন্ট পড়ে শোনানোর পাশাপাশি বিভিন্ন বিষয় বুঝিয়ে দেবে। মূহীত বলেন, নতুন সিলেবাস ও সৃজনশীল পদ্ধতিতে টকিং ই-বুক দারুণ কার্যকর হতে পারে। এতে বাংলা ও ইংরেজিতে শুদ্ধ উচ্চারণে শব্দ বলা হয়েছে। এই টকিং ই-বুক বিনা মূল্যে নামানো যাবে।
ই-লার্নিংয়ে শিক্ষার্থীরা কীভাবে শিখবে? মূহীত জানান, প্রতিটি শ্রেণিকক্ষে পাঠ দেওয়ার জন্য ইন্টারঅ্যাকটিভ হোয়াইটবোর্ড, প্রজেক্টর ও কম্পিউটার ব্যবহার করে এসব কনটেন্ট শিক্ষার্থীদের কাছে নেওয়া হবে। ইন্টারনেট সংযোগ ছাড়াও এগুলো ব্যবহার করা যাবে। শিক্ষার্থীদের জন্য কনটেন্টের সঙ্গে বিভিন্ন মজার বিষয়, অ্যানিমেশন, অডিও-ভিজ্যুয়াল ও কুইজ যোগ হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মূহীত জানালেন, বিভিন্ন ধরনের শিক্ষামূলক কনটেন্ট তৈরির কাজ করবে সিড। এখনো অনেক কিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরিকল্পনা হচ্ছে, নোটবুক বা প্রাইভেট শিক্ষকের পরিবর্তে শিক্ষার্থী প্রকৃত সৃজনশীল পদ্ধতিতে নিজে থেকে শিখবে। এ জন্য যে ধরনের কনটেন্ট তৈরি করা হবে, তার নমুনা দাঁড় করানো হয়েছে। আর পুরো কনটেন্ট তৈরির কাজ শুরু হয়েছে। আগামী বছর নাগাদ কিছু কনটেন্ট বাজারে চলে আসবে। এ ছাড়া প্রথম থেকে উচ্চমাধ্যমিক শ্রেণি পর্যন্ত সব পাঠ্যবইকে ইন্টারঅ্যাকটিভ করা হচ্ছে। এ ক্ষেত্রে বইয়ের পাঠগুলোকে ছবি, ভিডিওসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীর সামনে হাজির করা হবে। যাতে তারা ডিজিটাল যন্ত্র ব্যবহার করে এসব পাঠ্য অত্যন্ত সহজে ও আনন্দ নিয়ে আগ্রহের সঙ্গে বুঝতে পারে। এ ছাড়া প্রাক-প্রাথমিক বা শিশুদের উপযোগী বিভিন্ন ই-কনটেন্ট ও কার্টুন তৈরি করা হচ্ছে। শ্রেণিকক্ষের বাইরেও বিভিন্ন দরকারি বিষয়ের ই-কনটেন্ট তৈরি করে তা বাজারে আনা হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে এসব কনটেন্ট বিনা মূল্যে বা একেবারে স্বল্প মূল্যে দেওয়া হবে।