ঈদ-আনন্দের স্মৃতি ধরে রাখতে চাই ক্যামেরা?

আসছে ঈদ। ঈদে একত্রিত হবেন পরিবারের অধিকাংশ মানুষই আর খুশির মুহূর্তগুলোকে অনেকেই ছবি তুলে ধরে রাখবেন। এর প্রয়োজন হবে ক্যামেরার। ঈদের কেনাকাটায় তাই রাখতে পারেন ক্যামেরা কিংবা ভালো মানের ক্যামেরাযুক্ত স্মার্টফোন। ডিজিটাল ক্যামেরা ক্যামেরা বলতে এখন সবাই ডিজিটাল ক্যামেরাকেই বোঝেন। ফিল্ম ভরে ছবি তোলার দিন এখন আর নেই বললেই চলে। বাংলাদেশে ক্যানন, নাইকন, স্যামসাং, সনি, অলিম্পাস, কোডাক, ফুজিসহ বিভিন্ন ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরা পাওয়া যায়। ডিজিটাল কমপ্যাক্ট ক্যামেরাগুলোর দাম নির্ভর করে অপটিক্যাল জুম, ছবির কোয়ালিটি, ফুল হাই ডেফিনেশন কি না তার ওপর। ক্যামেরার যে গুণগুলো ছবি এবং ভিডিও স্বচ্ছ করে। ছয় থেকে ১০ হাজার টাকায় আপনি পাবেন ১০-১৬ মেগাপিক্সেল এবং ৪ থেকে ৬ এক্স জুম ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। বাজেট যদি আর একটু বেশি হয় অর্থাত্ ১৫ থেকে ২৫ হাজারের মধ্যে তবে আপনি পেতে পারেন টাচ স্ক্রিন সুবিধাসংবলিত ক্যামেরা। এই দামের ক্যামেরাগুলোয় থাকবে ফুল হাইডেফিনেশন প্রযুক্তি। সেই সঙ্গে থাকবে কম আলোতে ভালো ছবি তোলার ক্ষমতা। এ ছাড়া ত্রিমাত্রিক ছবি তোলার ক্ষমতাসম্পন্ন ওয়াটারপ্রুফ ক্যামেরা পাবেন ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে। সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট ক্যামেরার সংক্ষিপ্ত নামই হলো এসএলআর ক্যামেরা। এই ক্যামেরাগুলোর দাম শুরু থাকে ৫০ হাজার টাকা থেকে। এবং এর সঙ্গে যুক্ত লেন্সের দাম শুরু ১০ হাজার টাকা থেকে।
কোথায় পাবেন
রাজধানী ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি, বসুন্ধরা সিটি শপিং মলসহ দেশের বিভিন্ন প্রযুক্তি পণ্য বিক্রেতাদের কাছে পাওয়া যাবে ক্যামেরা।
স্মার্টফোন-ক্যামেরা
ক্যামেরাযুক্ত স্মার্টফোনগুলো হালের ‘লো-এন্ড’ ডিজিটাল ক্যামেরার বাজারে ভালোই ভাগ বসিয়েছে। বাজারে সাশ্রয়ী দামের ভালো মানের বেশ কিছু স্মার্টফোন পাবেন। নকিয়া, স্যামসাং, সনিসহ উন্নত ক্যামেরা সুবিধার স্মার্টফোন রাখতে পারেন কেনাকাটার তালিকায়। মোবাইল ফটোগ্রাফির শখ থাকলে উন্নত মানের ও দামি ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন কিনতে পারেন। বাজারে ১০ হাজার টাকা থেকে ভালো মানের ক্যামেরাযুক্ত স্মার্টফোন পাবেন।
খেয়াল রাখুন
মেগাপিক্সেল: ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি হবে, ছবির মানও তত ভালো হবে এই ধারণা সম্পূর্ণ ভুল। ছবির আকার নির্ধারণ করে দেয় মেগাপিক্সেল।
সেন্সর: ইমেজ সেন্সরের ওপর ছবির মান নির্ভর করে। সেন্সরের আকার যত বড় হবে, ছবির মান তত ভালো হবে। ডিজিটাল ক্যামেরায় দুই ধরনের ইমেজ সেন্সর দেখা যায়। সিসিডি ও সিএমওএস নামের সেন্সরে সিএমওএস সেন্সরে কম ব্যাটারি খরচ হয়।
জুম: ক্যামেরাগুলোর অপটিক্যাল ও ডিজিটাল দুই ধরনের জুম থাকে। অপটিক্যাল জুম লেন্সের ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন করে বিষয়বস্তুকে কাছে নিয়ে আসে। ফলে ছবির মান অটুট থাকে।
ক্যামেরা ও স্মার্টফোন কেনার আগে
১. ব্র্যান্ড ও ওয়ারেন্টি নিশ্চিত হয়ে কিনুন।
২.কেনার পর সার্ভিস সম্পর্কে নিশ্চিত হন।
৩. দামের পাশাপাশি রং ও ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে কিনুন।