ঈদে অনলাইন কেনাকাটায় ছাড়ের ছড়াছড়ি

ঈদের সময় এলেই ঢাকা শহরে যানজট আর কেনাকাটার ভিড়। অনেকে ভাবেন, ঢাকা শহরে যদি ঘরে বসে সব কাজ করা যেত, তাহলে হয়তো যানজটটা একটু এড়ানো যেত। এমন একটি সুবিধা পাওয়া যায় অনলাইন কেনাকাটায়। এখন ঈদ উপলক্ষে অনলাইনে কেনাকাটা অনেকে বেড়ে গেছে। ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ই-কমার্স সাইট, ফেসবুক শপ থেকে নানা পণ্য কিনছেন ক্রেতারা।
ক্রেতা আকৃষ্ট করতে অনলাইনে নানা ছাড় ও উপহারের ঘোষণা দিচ্ছে বিভিন্ন অনলাইন পণ্য বিক্রেতা ও সেবাদাতা প্রতিষ্ঠান। ‘ঈদ শপিং ফেস্টিভ্যাল’ নামের কর্মসূচির আয়োজন করছে কয়েকটি প্রতিষ্ঠান। অনলাইন শপিং শুনলেই অনেকে মনে করেন, টাকা দিতে হবে ডেডিট বা ক্রেডিটকার্ডে, তবে সেই সমস্যাও এখন বলতে গেলে নেই। বেশির ভাগ অনলাইন শপই ‘ক্যাশ অন ডেলিভারি’ সার্ভিস দিচ্ছে।
ঈদবাজারের হাওয়া লাগায় আর ছাড়ের কারণে অনেকই অনলাইন দোকানগুলোতে ঢুঁ মারছেন। দোকানে গিয়ে অনেকে দরদাম করে পণ্য কিনতে পছন্দ করেন। কিছুটা ছাড়ের আশা করেন। অনলাইন দোকানগুলোতে ঘোষণা দেওয়া কিছু ছাড় সম্পর্কে জেনে নিন:
আজকের ডিলে ক্যাশব্যাক
অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিলে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার ঘোষণা করা হয়েছে। ঈদে ক্রেতারা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার করলেই এ ক্যাশব্যাক সুবিধা পাবেন। ১০ হাজারেরও বেশি ঈদের পণ্যের ওপর এই ছাড় থাকছে। এ ছাড়া আরও এক লাখের বেশি পণ্যতে থাকছে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। ১১ জুন থেকে শুরু হওয়া এ অফার চলবে ১৯ জুন পর্যন্ত। পাঞ্জাবি, শাড়ি, সালওয়ার-কামিজ, শার্ট, টি-শার্ট, জুতা, গয়নাসহ ৩০টি ক্যাটাগরির ঈদপণ্য রয়েছে সাইটটিতে। দুই হাজার বিক্রেতার সব পণ্যে থাকছে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক।
পিকাবুতে ছাড়
ঈদ উপলক্ষে অনলাইনে মোবাইল মেলা আয়োজন করেছে পিকাবু ডটকম। এখান থেকে ৬৭ শতাংশ পর্যন্ত ছাড়ে মোবাইল কেনা যাবে। মেলা চলবে ১৮ জুন পর্যন্ত। মেলা উপলক্ষে পিকাবু থেকে ১৫টি ব্র্যান্ডের মোবাইল ফোনে এই ছাড় পাওয়া যাবে। প্রতিটি মোবাইল ডিভাইসে থাকছে অফিশিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টি। মেলায় কেনাকাটায় বিভিন্ন ব্যাংক কার্ডে ছাড়ও রেখেছে পিকাবু।
প্রিয়শপের ক্যাশব্যাক
ঈদ উপলক্ষে ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকম আয়োজন করছে ‘অনলাইন ঈদ শপিং ফেস্টিভ্যাল’। কেনাকাটায় ক্যাশব্যাক, ভাউচার এবং হেলিকপ্টারে ওড়ার অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। ঈদে কেনাকাটায় বিকাশে পেমেন্টে ২০ শতাংশ ক্যাশব্যাক, এক্সিমকার্ড ও মাস্টারকার্ডে ১০ শতাংশ এবং ইবিএলকার্ডে ৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহকেরা। প্রিয়শপে থ্রি-পিস, গজ কাপড়, শাড়ি, বাহারি পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, বাচ্চাদের ড্রেস, ইম্পোর্টেড জুয়েলারি, রোদচশমা, ঘড়ি, চামড়ার বেল্ট, ওয়ালেট, ঘর সাজানোর সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনীসহ বাহারি সব পণ্য পাওয়া যাচ্ছে। প্রায় প্রতিটি পণ্যে রয়েছে ঈদের বিশেষ মূল্যছাড়।
বিক্রয় ডটকমে ছাড়
ক্রেতাদের জন্য অনলাইন শপিং ফেস্টিভ্যালের আয়োজন করেছেন অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম। মেলায় বিভিন্ন প্রযুক্তিপণ্য ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আইফোন ৭ প্লাস, স্যামসাং এলইডি টিভি মতো পণ্যে মূল্য ছাড় অফার চলছে। বিক্রয় ডটকমের অনলাইন শপে এ সুবিধা পাওয়া যাবে। পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করার সুবিধা পাওয়া যাবে।
বাগডুমের অফার
দেশের অন্যতম ই-কমার্স সাইট বাগডুম ডটকম ঈদ উপলক্ষে বেশ কয়েকটি অফার শুরু করছে। সাপ্তাহিক ডিল, হ্যাপি আওয়ারের মতো অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি।ঈদ আয়োজন হিসেবে বাগডুম ঈদ কালেকশন এনেছে ই-কমার্স প্রতিষ্ঠানটি। এতে আছে মেয়েদেরহাল ফ্যাশনের সব শাড়ি, কামিজ, ছেলেদের পাঞ্জাবী, শার্ট, প্যান্ট, টি-শার্ট। এ ছাড়া রয়েছে জুয়েলারি ও লাইফস্টাইল পণ্য। বাগডুম পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৫ হাজার টাকার বাগডুম ঈদ কুপন। সিটি ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস কার্ডহোল্ডার, মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য নির্বাচিত শীর্ষস্থানীয় সব ব্র্যান্ডের ১১ শতাংশ ও বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য ৮ শতাংশ ছাড় রয়েছে। ব্র্যাক ব্যাংক তারা কার্ডহোল্ডারদের জন্য বাগডুমের প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার অনন্য ডিপ ডিস্কাউন্ট অফার হ্যাপি আওয়ার চালু রয়েছে।
রকমারি ডটকমে ছাড়
রকমারি ডটকমে অনলাইন ইসলামি বইমেলা চলছে। ইসলামি বিভিন্ন বইয়ে ছাড় চলছে। ঈদ পর্যন্ত এ ছাড় পাওয়া যাবে। এ ছাড়া অন্যান্য বই কিনলে নানা ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
মাস্টারকার্ডের মূল্যছাড়
অনলাইন কেনাকাটায় ডিসকাউন্ট ক্যাম্পেইন শুরু করেছে মাস্টারকার্ড। এ কার্ডধারীরা সাতটি ই-কমার্স প্রতিষ্ঠানে মূল্য ছাড় পাবেন। মাস্টারকার্ডের এসব পার্টনার ই-কমার্স প্রতিষ্ঠানগুলো হচ্ছে আজকেরডিল, বাগডুম, দারাজ, এসো, কিকশা, পিকাবু ও প্রিয়শপ।
এসোতে ছাড়
অনলাইন কেনাকাটার সাইট এসোতে বিভিন্ন পণ্যে মাস্টারকার্ডের সঙ্গে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া রয়েছে বিদেশ ভ্রমণের সুযোগ।
অনলাইন হোটেল বুকিংয়ে ছাড়
ঈদ উপলক্ষে অনলাইন হোটেল বুকিংয়ে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো। ‘রমজান গেটওয়ে’ ও ‘ঈদ বোনানজা’ অফার সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ডেবিট ও ক্রেডিট কার্ড থাকলে এই সুবিধা পাওয়া যাবে।
ফুডপান্ডায় বিদেশ ভ্রমণ অফার
‘উইথ মম দিস’ রমজান শীর্ষক কর্মসূচি চালাচ্ছে ফুডপান্ডা। এর আওতায় ৩০ জুনের মধ্যে ফুডপান্ডার মাধ্যমে সবচেয়ে বেশি খাবার ফরমাশদাতা জিতে নিতে পারেন ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট। রমজানে ইফতারের সব খাবারের ফরমাশ ফুডপান্ডায় দেওয়া যায়। প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত গ্রাহকেরা পছন্দের রেস্তোরাঁর খাবার ফরমাশ দিতে পারেন।
কেনাকাটায় সতর্কতা
ঈদ উপলক্ষে বিভিন্ন অনলাইনে কেনাকাটা বাড়লেও এ সময় সতর্ক থাকা উচিত। বিভিন্ন অপরিচিত অনলাইন উৎস থেকে পণ্য কিনলে ঠকার আশঙ্কা থাকে। একটি পণ্যে দেখে ফরমাশ দিলে অন্য পণ্য গছিয়ে দিতে পারে। প্রতারণা এড়াতে ওয়েবসাইট সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপর কেনাকাটা করা উচিত। অবিশ্বস্ত কোনো ওয়েবসাইটের লোভনীয় অফার দেখে বিভ্রান্ত হবেন না। পণ্য কেনার সময় ভালোমতো যাচাই-বাছাই করে কিনুন। পণ্য সম্পর্কে বিস্তারিত কিছু দেওয়া না থাকলে কিনতে যাবেন না। আর একই পাসওয়ার্ড বেশি দিন ব্যবহার না করাই ভালো।