ঈদে আসা ৮ স্মার্টফোন
ঈদের সময় অনেকেই কেনেন মুঠোফোন। এখন বাজারে বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন দেখা গেছে। জেনে নিন ঈদের বাজারে আসা কয়েকটি স্মার্টফোন সম্পর্কে:

নকিয়া: বাংলাদেশে ঈদের বাজার লক্ষ্য করে নতুন স্মার্টফোন ছেড়েছে নকিয়া। এইচএমডি গ্লোবাল ঈদের আগে নকিয়া ৩ নামের একটি স্মার্টফোন বাজারে ছাড়ে। এর দাম ১২ হাজার ৫০০ টাকা। নকিয়া ৩-এর কাঠামো অ্যালুমিনিয়ামে তৈরি। ৫ দশমিক ২ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে লেমিনেটেড করা। সামনে ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা আছে এতে। চারটি রঙে বাজারে এসেছে এ স্মার্টফোন।

হেলিও: ঈদের আগে হেলিও সিরিজে নতুন স্মার্টফোন ‘এস ১০’ উন্মুক্ত করেছে এডিসন গ্রুপ। অ্যান্ড্রয়েড নুগাট (৭.০) অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটিকে সেলফি তোলার জন্য বিশেষ উপযোগী করে তৈরি করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটির সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সেলফি ফ্ল্যাশ ফিচার। ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যালুমিনিয়াম কাঠামোর স্মার্টফোনটি সাড়ে পাঁচ ইঞ্চি মাপের। এতে চার জিবি র্যাম ও ৬৪ বিটের অক্টাকোর প্রসেসর। এর ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি ও ব্যাটারি ৪ হাজার ১০ মিলিঅ্যাম্পিয়ারের।

হুয়াওয়ে: ঈদের আগে জি সিরিজের নতুন স্মার্টফোট জিআর ৩-এর ২০১৭ সংস্করণ এনেছে হুয়াওয়ে। ফোনটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, কম আলোতে ঝকঝকে ছবি তুলতে পারার সক্ষমতা। হুয়াওয়ের দাবি, মাঝারি বাজেটে মাল্টিটাস্কিং বা একাধিক কাজের সুবিধাযুক্ত স্মার্টফোন এটি। জিআর ৩ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব হাইসিলিকন কিরিন ৬৫৫ চিপসেট। ৩ জিবি র্যামের ফোনটিতে ১৬ জিবি অভ্যন্তরীণ মেমোরি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে ফোনটিতে। এতে আছে ফোরজি প্রযুক্তির সিম ব্যবহারের সুবিধা। নিরাপত্তার ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তির ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ৫ দশমিক ২ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফোনটিতে ফুল এইচডি রেজল্যুশনের পর্দা ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড নুগাট (৭.০)। এ ছাড়া হুয়াওয়ের নিজস্ব কাস্টমাইজড ইউজার ইন্টারফেস ইএমইউআই ৫.০ সংস্করণ ব্যবহার করা হয়েছে এতে। তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে আল্ট্রা পাওয়ার সেভিং মোড আছে। হ্যান্ডসেটটির দাম ১৯ হাজার ৯০০ টাকা।

স্যামসাং: বছরের আলোচিত স্মার্টফোন হিসেবে গত মে মাস থেকে স্যামসাং গ্যালাক্সি এস ৮ বিক্রি শুরু করেছে। বেজেললেস পর্দা, হোম বাটনকে বিদায় জানানো, উন্নত সেলফি ক্যামেরাসহ বেশ কিছু ফিচার নিয়ে প্রযুক্তি দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এস ৮। গত ২৯ মার্চ গ্যালাক্সি এস ৮ ও এস ৮ প্লাস বাজারে ছাড়ার ঘোষণা দেয় স্যামসাং। বাংলাদেশের বাজারে প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এস ৮ ছাড়া হয়। এটি পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক ও ম্যাপল গোল্ড রঙে। গ্যালাক্সি এস৮-এর দাম ৭৭ হাজার ৯০০ টাকা।

শাওমি: দেশের বাজারে রেডমি-ফোরএক্স নামের একটি স্মার্টফোন এনেছে শাওমি। ফোনটিকে সাশ্রয়ী দামের স্মার্টফোন বিভাগের মধ্যে ফেলেছে চীনা প্রতিষ্ঠানটি।
কালো ও সোনালি—এ দুটি রঙে বাজারে এসেছে শাওমির এ স্মার্টফোন। এতে স্ন্যাপড্রাগন প্রসেসর, ২ জিবি র্যাম ও ১৬ জিবি রম আছে। এর ব্যাটারি ৪ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার। এর পেছনে ১৩ মেগাপিক্সেলের ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ৫ ইঞ্চির ২.৫ডি কার্ভড গ্লাসের ডিসপ্লেযুক্ত ফোনটির দাম ১২ হাজার ৯৯০ টাকা।

ওয়ালটন: ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিসহ প্রিমো আরএম ৩ এস মডেলের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। এতে রয়েছে ব্যাটারি সেভার সুবিধা। স্মার্টফোনটির পর্দা ৫ দশমিক ২ ইঞ্চি। এর র্যাম ৩ গিগাবাইট, রম ৩২ গিগাবাইট। ব্যবহার করা হয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। এতে রয়েছে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি ও ১৩ মেগা পিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটি নুগাট ৭ দশমিক ০ অপারেটিং সিস্টেমে চলে। দাম ১৪ হাজার ৪৯০ টাকা। এ ছাড়া ‘প্রিমো এন৩’ মডেলের একটি স্মার্টফোন এনেছে ওয়ালটন। এতে আইপিএস এইচডি প্রযুক্তির ৬ ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে। ফোনটির দাম ১০ হাজার ২৯০ টাকা।

অপো: ঈদের আগে সেলফি এক্সপার্ট এফ ৩-এর কালো রঙের এক নতুন সংস্করণ এনেছে অপো। এই স্মার্টফোনের সামনে রয়েছে ডুয়াল ক্যামেরা। যার মধ্যে সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল এবং গ্রুপ সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। আর পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এতে আরও রয়েছে ১.৫ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। কালার ওএস ৩.০ নির্ভর অ্যান্ড্রয়েড ৬ পরিচালিত এই স্মার্টফোনে ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট রম। ব্যাটারি ৩২০০ মিলি অ্যাম্পিয়ার। দাম রাখা হচ্ছে ২৫ হাজার ৯৯০ টাকা।

আসুস: ঈদের আগে আসুস দেশের বাজারে এনেছে জেনফোন লাইভ নামের নতুন একটি স্মার্টফোন। এতে নতুন প্রযুক্তির মাইক্রোফোন ব্যবহৃত হয়েছে, যা সোশ্যাল মিডিয়াতে যাওয়া লাইভ ভিডিওর শব্দকে পরিষ্কারভাবে উপস্থাপন করতে সহায়তা করে। এতে আছে ১ দশমিক ৪ আলট্রা পিক্সেল সেন্সরের সেলফি ক্যামেরা, যা সাধারণ পিক্সেল থেকে অনেক বেশি আলোক সংবেদনশীল। এতে আরও আছে সফট লাইট এলইডি সেলফি ফ্ল্যাশ, যা সেলফি তুলতে বা লাইভে রঙের তারতম্য দেখায় না। স্মার্টফোনটির পেছনে ১৩ মেগা পিক্সেলের ক্যামেরা আছে। এতে আসুসের নিজস্ব পিক্সেল মাস্টার ক্যামেরা-প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ১২টি আলাদা ক্যামেরা মোডসহ এতে আছে বিউটিফিকেশন, লো লাইট ও হাই রেজল্যুশন মোড। স্মার্টফোনটির দাম ১৩ হাজার ৯৯০ টাকা।
সতর্কতা: স্মার্টফোন আসল-নকল চেনার উপায়
বাজারে আসল ফোনের পাশাপাশি অনেক ব্যবহৃত ও নকল ফোনও বিক্রি হয়। সবচেয়ে বেশি স্যামসাংয়ের নকল ফোন বাজারে পাওয়া যায়।
স্যামসাংয়ের নকল ফোন চিনবেন যেভাবে:
* পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে।
* আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না।
* নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়।
* নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না।
* ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। ফোনটিতে *#০ *# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না।
* আসল ফোনে *# ১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি* সিরিয়াল নম্বর, *# ০ *# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।