ঈদে বিজ্ঞাপন দিলে উপহার হিসেবে গরু!
অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকমে বিনা মূল্যে বিজ্ঞাপন পোস্ট করে উপহার হিসেবে গরু বা ছাগল উপহার পেতে পারেন বিজ্ঞাপনদাতা। ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি বিজ্ঞাপন দাতাদের জন্য এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে বিক্রয় ডটকম। এ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। বিক্রয় ডটকমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, ‘কোরবানির ঈদ আমাদের দেশের বড় উৎসবগুলোর একটি। এখন কোরবানির আগে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গরু-ছাগলের অনেক বিজ্ঞাপন প্রকাশিত হয় এবং এই বিজ্ঞাপন ক্রেতাদের পছন্দের পশু কিনতে সাহায্য করে। গরু-ছাগলের ছবি দেখে এর দাম সম্পর্কে ধারণা পাওয়া যায়।’
ঈশিতা শারমিন আরও বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বিক্রয় ডটকম ব্যবহারকারীদের জন্য একটি বিজ্ঞাপন প্রতিযোগিতা শুরু করছি, যাতে পুরস্কার হিসেবে একটি গরু অথবা ছাগল দেওয়া হবে।’
প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডটকমের যেকোনো বিভাগে নিয়ম অনুযায়ী ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে। ১ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতা শেষে লটারির মাধ্যমে দুজনকে বাছাই করে উপহার দেওয়া হবে।