ঈদের কেনাকাটা অনলাইনে

নতুন পোশাক-আশাক ছাড়া যেন ঈদ অপূর্ণ থেকে যায়। শুধু পোশাকই নয়, ঈদে ঘর সাজানো থেকে শুরু করে ইলেকট্রনিক যন্ত্রপাতিও কেনার প্রতি আগ্রহ দেখা যায়। ঈদ সামনে রেখে তাই বিক্রেতাদের মধ্যেও থাকে নানা আয়োজন। অনলাইনে কেনাকাটা বাংলাদেশে যদিও এখনো মূলধারায় মিশতে পারেনি, তবে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। ই-কমার্স ওয়েবসাইটগুলোতে প্রতিবছরই বাড়ছে ঈদের কেনাকাটার হার। গত বছর আর এবারের ঈদের কেনাকাটার পরিমাণ তুলনা করলেও তা বোঝা যায়। লেনদেনের পরিমাণ বেড়েছে দেড় থেকে দ্বিগুণ। প্রতি লেনদেনে খরচ করা অর্থের পরিমাণও বাড়ছে। ই-কমার্স ওয়েবসাইট ও বড় ব্র্যান্ডের ই-শপগুলো তাই এবারের ঈদ খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে।
‘৭০ শতাংশ বেশি ফরমাশ আসছে’
আড়ং (www.aarong.com)
ঈদ সামনে রেখে ফ্যাশন হাউস আড়ংয়ের আয়োজন যেমন বেশি থাকে, তেমন বিক্রিও বেড়ে যায় বেশ। রাজধানীসহ বেশ কিছু জেলা শহরে আড়ংয়ের বেশ বড়সড় বিক্রয়কেন্দ্র চোখে পড়ে। সারা দেশে ফ্যাশন হাউসটির পণ্যের চাহিদা আছে। তাই সারা দেশের মানুষের কাছে আড়ংয়ের পণ্য পৌঁছে দিতে অনলাইনে বিকিকিনির ওপর এবার বিশেষভাবে জোর দেওয়া হয়েছে বলে জানান সিনিয়র রিটেইল ম্যানেজার আহমদ মনসুর রউফ। তিনি বলেন, ‘ই-কমার্স ওয়েবসাইট বা ই-স্টোরের মাধ্যমে বিক্রি হচ্ছে ভালো। ঈদের তো আরও কিছুদিন বাকি, তবে গত রমজানের সঙ্গে তুলনা করলে এবার অর্ডার পাচ্ছি প্রায় ৭০ শতাংশ বেশি। আরেকটা লক্ষণীয় বিষয় হলো, বিভাগীয় শহর তো বটেই, আমাদের হিসাবে দেশের অন্তত ৪৫টি জেলা থেকে নিয়মিত ফরমাশ পাচ্ছি আমরা।’
ঢাকায় ২৪ ঘণ্টায় ও ঢাকার বাইরে তিন দিনের মধ্যেই পণ্য পৌঁছে দিচ্ছে আড়ং। ঈদ উপলক্ষে অনলাইনে বিক্রি বাড়াতে নভো এয়ারের সঙ্গে যৌথভাবে রমজান মাসজুড়ে প্রতি সপ্তাহে তিনজন সর্বোচ্চ পরিমাণ ক্রেতার জন্য ইয়াঙ্গুন, কক্সবাজার ও সিলেটের রিটার্ন টিকিটের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে পণ্য কিনলে ১২ শতাংশ ও বিকাশের মাধ্যমে পণ্য কিনলে ১০ শতাংশ টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়।
অনলাইনে বিক্রির পরিমাণ কেমন, এমন প্রশ্নের উত্তরে আহমদ মনসুর বলেন, ‘আমাদের বিক্রয়কেন্দ্রগুলো থেকে গড়ে মানুষ যে পরিমাণ অর্থের পণ্য কেনে, অনলাইনে ফরমাশ দেওয়ার সময় গড়ে প্রতি ফরমাশে প্রায় দ্বিগুণ দেওয়া হচ্ছে। এর প্রধান কারণ মানুষ ঘরে বসে আরাম করে দেখেশুনে অনেক সময় নিয়ে অনলাইনে পণ্য কিনতে পারছে।’
‘বিক্রি বেড়েছে ১০ শতাংশ’
বিক্রয় (bikroy.com)
অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটের সঙ্গে বিক্রয় ডটকমের পার্থক্য, এটি অনলাইন বাজার। যে-কেউ চাইলেই অ্যাকাউন্ট খুলে নিজেদের পণ্য বিক্রি করতে পারেন, ক্রেতা তাঁদের পছন্দ মোতাবেক পণ্য খুঁজে নেন। তাই বিক্রয় ডটকমের নিজস্ব ঈদ আয়োজন নেই, তবে সাম্প্রতিক সময়ে চালু করা ‘বিক্রয় মেম্বারশিপ’ সেবার মাধ্যমে ১০০-এর বেশি সদস্য তাঁদের পোশাকসামগ্রী নিজ নিজ বিক্রয় পোর্টালের মাধ্যমে বিক্রি করছেন। মেম্বারশিপ সেবার প্রত্যেকেই ঈদ উপলক্ষে পণ্য কেনাবেচার সময় তাঁদের পণ্যে বিভিন্ন অফার দিচ্ছেন বলে জানালেন বিক্রয় ডটকমের বিপণন পরিচালক মিশা আলী। তিনি বলেন, ‘ঈদে বরাবরই ভিজিটরের পরিমাণ বেড়ে যায়। এবারও তা-ই। বিশেষ করে পোশাকসামগ্রী ও এর পাশাপাশি ইলেকট্রনিক পণ্যের চাহিদা বেশি বেড়েছে।’
ইন্টারনেট ব্যবহারকারী আর ক্রেতার মধ্যে কিছুটা তফাত থাকে। সব ভিজিটর পণ্য কেনেন না। তবে বাজার গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউনের জরিপে দেখা গেছে ভিজিটর থেকে ক্রেতাতে রূপান্তরের হার বিক্রয় ডটকমে সবচেয়ে বেশি। মিশা আলী বলেন, ‘গত ঈদের তুলনায় এবার ভিজিটর বেড়েছে ৩৩ শতাংশ এবং আগ্রহী ক্রেতা বেড়েছে ১০ শতাংশ।’
‘প্রতিদিন ১ হাজার ২০০ লেনদেন’
আজকের ডিল (www.ajkerdeal.com)
এই ঈদে সাধারণ জনগণের মধ্যে ই-কমার্স আরও জনপ্রিয় করে তুলতে আজকের ডিলে চলছে ‘মধ্যবিত্তের ঈদ শপিং’। বিভিন্ন বিভাগের প্রায় ৩০ হাজার নতুন পণ্য যোগ করেছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে এখন এতে ১ হাজার ২০০ ক্রেতার ১ লাখ ৩০ হাজার পণ্য আছে। ঈদের সময়টাতে পণ্য কিনে বিকাশে মূল্য পরিশোধ করলে ১৫ শতাংশ অর্থ ফেরত পাওয়া যাবে। ঈদের আগের দিন পর্যন্ত ২৪ ঘণ্টা গ্রাহকসেবাকেন্দ্র সচল রাখা হয়েছে গ্রাহক কোনো সমস্যার মুখে যেন না পড়েন, তা দেখার জন্য। আজকের ডিলের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুরের মতে, গত ঈদের তুলনায় লেনদেন বেড়েছে দ্বিগুণের বেশি। তিনি বলেন, দিনে এখন আমাদের গড়ে ১ হাজার ২০০ লেনদেন হচ্ছে। যেখানে গত ঈদে বড়জোর ৫০০ থেকে ৬০০ লেনদেন হতো। সব মিলিয়ে এখন বাংলাদেশে হাজার বিশেক লেনদেন হয় ই-কমার্স ও এফ-কমার্স মিলিয়ে। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের কাছ থেকে ই-কমার্সে সবচেয়ে বড় বিনিয়োগ পাবে আজকের ডিল। আগামীকাল (আজ সোমবার) সে ঘোষণা দেওয়া হবে।
আরও আছে
এখানেই (www.ekhanei.com), বাগডুম (www.bagdoom.com), দারাজ (www.daraz.com.bd), কেইমু (www.kaymu.com.bd), চালডাল (chaldal.com), ওখানেই (www.okhanei.com), মীনাবাজার (www.meenabazar.com.bd), প্রিয়শপ (www.priyoshop.com) এবং অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটে ঈদ নিয়ে আছে নানা আয়োজন।
ই-কমার্সের ভবিষ্যৎ ইতিবাচক
কথা হয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজীব আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘গতবার ফরমাশগুলো পাওয়া গেছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কিছু কিছু ক্ষেত্রে খুলনা থেকে। এবার কিন্তু ৬৪ জেলার মানুষ ই-কমার্সে পণ্য কিনছেন। আমরা আশা করছি, আগামী বছর সব কটি ইউনিয়নে, দেশের সব প্রান্ত থেকে প্রতিষ্ঠানগুলো পণ্যের ফরমাশ পাবে। প্রবাসী বাঙালিদের মধ্যেও ই-কমার্সে আস্থা বাড়ছে।’
ই-কমার্সের প্রবৃদ্ধির সুনির্দিষ্ট হার উল্লেখ করা সম্ভব না হলেও রাজীব আহমেদের মতে তা বেশ ইতিবাচক। তিনি বলেন, ‘কিছুটা বিকল্প উপায়ে আমরা যদি একটা সার্বিক ধারণা পেতে চাই, তবে বলা যায় কুরিয়ার সেবাগুলোর এখন স্বর্ণযুগ। সেটা ই-কমার্সের উন্নয়নের জন্যই। অন্যদিকে আপনি যদি ফেসবুকে কিছু সময় ব্যয় করেন, তবে ই-কমার্সভিত্তিক সেবার প্রচুর বিজ্ঞাপন দেখতে পাবেন। সব মিলিয়ে আমি বলব, ই-কমার্সের ভবিষ্যৎ খুবই ইতিবাচক।’