
মা-বাবা, ভাইবোন নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করা তো হয়ই। অনেকে ঈদের ছুটিতে বন্ধুর বাড়ি বেড়াতে যান। নতুন জায়গা দেখাও হলো, নতুন মানুষের সঙ্গটাও পাওয়া গেল। তরুণদের মধ্যে অনেকে ঈদে বন্ধুর বাড়ি বেড়াতে যান।
‘দূর! এত যানজট হয়, আগে বলবি না? বললে জীবনেও আসতাম না।’ যাত্রার মাঝপথে বিরক্ত হয়ে বন্ধু সাদমান আহমেদকে বলেছিলেন মিনহাজুল ইসলাম। দুই বন্ধু পড়েন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে।সেবার ঈদে মিনহাজুলের মা-বাবা দেশের বাইরে গিয়েছিলেন। এই সুযোগে সাদমানের বাড়িতেই ঈদের ছুটিটা কাটাবেন বলে ঠিক করেছিলেন তিনি। গন্তব্য দিনাজপুর। অর্ধেক পথ যেতে না-যেতেই মিনহাজুলের ত্রাহি ত্রাহি দশা!
আর ফেরার পথে? ‘ফেরার সময় যানজট ছিল আরও ভয়াবহ। মাঝপথে একবার নেমে বাস ঠেলতেও হয়েছে। এত কিছুর পরও মিনহাজুল উল্টো আমাকে বলছিল, “দোস্ত, আবার কবে নিয়ে আসবি?”’ হাসতে হাসতে বলছিলেন সাদমান।
কী এমন হলো মাঝের চার দিনে যে ভোজবাজির মতো পাল্টে গেল মিনহাজুলের বক্তব্য? উত্তর দিতে গিয়ে সাদমানের হাসি সংক্রমিত হলো মিনহাজুল ইসলামের ঠোঁটেও, ‘চার দিনে আমার বোধ হয় আট কেজি ওজন বেড়েছে! আন্টির রান্না এত মজা! আর বাড়ির আশপাশে সব সাদমানদের আত্মীয়স্বজন। যে-ই দেখে, সে-ই খেতে ডাকে। আবার বাজারে ওর মামার হোটেল আছে। সেখান থেকেও ফ্রি ফ্রি খেয়েছি হরদম!’
বন্ধুর সঙ্গে সময় কাটানো, সেটা যেকোনো সময়ই আনন্দের। আর ঈদের ছুটি যদি কাটে বন্ধুর বাড়িতে, তাহলে তা বেড়ে দ্বিগুণ হবে। ঢাকাবাসী তরুণদের জন্য ঈদ নির্ঝঞ্ঝাট খুশির দিন। কিন্তু ঢাকার বাইরের বন্ধুরা কিসের টানে এত ঝক্কি সামলে বাড়ির পথে ছোটেন, সেই রহস্যের সমাধান খুঁজতে অনেকে তাঁদের সঙ্গী হন। সেই সঙ্গে খানিকটা হাওয়া বদলও একটা কারণ বৈকি!
সরকারি তিতুমীর কলেজের ছাত্র ফজলুল হক একবার ঈদের ছুটি কাটিয়েছেন বন্ধুর বাড়ি। তবে একা নয়, দল বেঁধে। চার বন্ধু একসঙ্গে গিয়েছিলেন ঢাকার কাছেই, নবাবগঞ্জে। থাকা হয়েছে মাত্র দুদিন, তাই বলে আনন্দটা মিনহাজুলের চেয়ে কম হয়নি। ‘নবাবগঞ্জ আমাদের বন্ধু সালেহ্র বাড়ি। সালেহ্ অনেক দিন থেকে বলছে, “একবার চল আমার সঙ্গে।” যাওয়ার সুযোগ হয় না। আমরা আবার দলবল ছাড়া কোথাও যাই না। সবার একসঙ্গে সময় হচ্ছিল না। ঈদের ছুটিতে একটা সুযোগ পাওয়া গেল, চলে গেলাম। এত মজা করেছি, বলে বোঝানো যাবে না!’ বলছিলেন ফজলুল হক। তবে সবশেষে তাঁর কাছেও পাওয়া গেল একই ‘অভিযোগ’—খাওয়া বেশি হয়ে গেছে!
কথা হলো প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঙ্গে। বলছিলেন, ‘আমাদের বন্ধুরাও ঈদে সুযোগ পেলে বন্ধুর বাড়ি যায়। যানবাহনের টিকিট পাওয়া যায় না, রাস্তায় নানা ঝামেলা থাকে, তবু আমার মনে হয়, বন্ধুরা ব্যাপারটা উপভোগই করে। ঈদে ঢাকার বাইরের বন্ধুদের সঙ্গে ফোনে কথা হয়, একসঙ্গে ছুটি কাটানোর সুযোগ আমার এখনো হয়নি। তবে ঢাকার বাইরে ঈদ করার ইচ্ছাটা আমারও।’