ঈদের বাজার অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাহফুজ রহমান
অলংকরণ: মাহফুজ রহমান

ঈদ কিংবা অন্যান্য উৎসবের আগে নিজের বা পরিবারের জন্য কেনাকাটার জন্য ছুটতে হয় কোনো না কোনো বাজারে। নানা বাজার ঘুরে পছন্দের জিনিসটির কেনাকাটা পর্ব শেষ হয়। এ ধারা এখনো আছে। তবে কয়েক বছর ধরে এতে যোগ হয়েছে নতুন মাত্রা। অনলাইন কেনাকাটা।

অনলাইন বাজারে কেনাকাটা

দেশের অনলাইন বাজারে যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, তেমনি বিভিন্ন উৎসবের পণ্যসম্ভারও আছে। ঈদ উপলক্ষে একেবারে নতুন করে সাজানো হয়েছে সাইটটিকে। যুক্ত হয়েছে নতুন মডেলের বিভিন্ন পণ্য। বর্তমানে অনলাইনে নানা ধরনের পণ্য বিক্রির দিক দিয়ে এগিয়ে আছে ই-কমার্স সাইট এখনি ডটকম (www.akhoni.com)।এ সাইট থেকে ছবি দেখে পছন্দের পণ্য অর্ডার করা যাবে। আর পণ্য এক দিনেই বাসায় পৌঁছে যাবে। ঈদ সামনে রেখে এ সাইটে নানা ধরনের পণ্য যুক্ত করা হয়েছে। পণ্যের ক্ষেত্রে মূল্যহ্রাসও রয়েছে। ‘আমরা নিজেরা কোনো পণ্য তৈরি করি না। সাধারণত অন্যদের পণ্যই আমরা বিক্রি করি। ফলে ই-কমার্স ব্যবসার পাশাপাশি অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে’ বলে জানালেন এখনি ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান। তিনি বলেন, ‘গ্রাহকদের আরও বেশি পণ্যসুবিধা দিতে আমরা এখনি ডটকম ই-দোকান চালু করেছি। এতে যে কেউ অনলাইনে দোকান ভাড়া নিয়ে নিজের ব্যবসা প্রসার করতে পারবেন। আবার গ্রাহকেরা এ দোকান থেকে পণ্য কিনতে পারবেন।’ ঈদ উপলক্ষে এ সাইটে এবার যুক্ত হয়েছে নানা ধরনের নতুন পণ্য।

অনলাইনে কেনাকাটার সাইট বাংলাদেশ ব্র্যান্ডস (www.bangladeshbrands.com) দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ঘরে বসে পাওয়ার সুবিধা রেখেছে। বাংলাদেশ ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান বলেন, ‘এ সাইটটিতে বিবিআনা, স্মার্টেক্স, রঙ, প্রবর্তনা, মেনজ ক্লাব, অহং, এক্সট্যাসি, ল্যাভেন্ডারসহ ৫৪টি ব্র্যান্ডের পোশাক কেনা যাবে। বর্তমানে আমাদের এ সাইটে রয়েছে প্রায় ৩১ হাজার পণ্য। ঈদ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান নতুন পণ্য যুক্ত করেছে।’ বিভিন্ন ব্যাংকের কার্ড ছাড়াও ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে এ সাইট থেকে পণ্য কেনা যাবে।

নারীদের জন্য শুধু বাহারি সব জামদানি শাড়ির সমাহার নিয়ে রয়েছে রূপকথা জামদানি (www.rupkothajamdani.com)। অনলাইন শপটির প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা শারমিন রাবেয়া জানান, ঈদ উপলক্ষে সব ধরনের জামদানিতে থাকছে ছাড়। শেষ ১০ রোজা পর্যন্ত থাকবে ২০ শতাংশ ছাড়।

কেনাকাটা কিংবা ডিল করার আরেকটি সাইট আজকের ডিল (www.ajkerdeal.com)। এতে ঈদ উপলক্ষে নানা পণ্য যেমন যুক্ত হয়েছে, তেমনি রয়েছে পণ্যের ক্ষেত্রে ছাড়সুবিধা। এ সাইটে বিনা মূল্যে পণ্য পৌঁছানো ছাড়াও পণ্য কেনার পর কোনো সমস্যা হলেও সেটিও বিনা মূল্যে সমাধান পাওয়া যায়।

ঈদ উপলক্ষে পণ্যে মূল্য ছাড় আর বিশেষ কুপনের ব্যবস্থা রেখেছে ই-সুফিয়ানা (www.esufiana.com)। এতে ক্রেতারা নির্দিষ্ট মূল্যের পণ্য কিনলে পাবেন বিশেষ কুপন আর কুপন ড্রয়ে পাওয়া যাবে আকর্ষণীয় সব পুরস্কার। গয়না, প্রসাধনী, বইয়ের পাশাপাশি ঈদের বিভিন্ন প্যাকেটজাত খাদ্যদ্রব্যও পাওয়া যাবে এ সাইটে। বাজারমূল্যে এসব পণ্য অর্ডার করলে ঘরে বসেই পাওয়া যাবে।

বিভিন্ন ছাড় ও উপহারের সুবিধা দিচ্ছে অনলাইন বাজার হাটবাজার (www.hutbazar.com)। এতে আছে বিভিন্ন দিবস অনুযায়ী আলাদাভাবে তৈরি পণ্যসামগ্রী। ঈদ উপলক্ষে আলাদা পণ্যের বিশেষ ব্যবস্থা রয়েছে সাইটটিতে।

প্রিয় শপ ডটকমে (www.priyoshop.com) মাত্র ৫০০ টাকার পণ্য কিনলেই দিচ্ছে উপহার। এ ছাড়া ঈদের বিভিন্ন নতুন পণ্যে দিচ্ছে বিশেষ ছাড়। ঈদে চাইলে পোশাক ছাড়া অন্য পণ্যের ক্ষেত্রেও বিশেষ ছাড় দিয়েছে বেশ কয়েকটি ই-কমার্স সাইট।

আমার গ্যাজেট (www.amargadget.com) যুক্ত করেছে বেশ কিছু পণ্য, যাতে রয়েছে বিশেষ ছাড়। ঈদের নানা ধরনের পণ্যের সম্ভার পাওয়া যাবে বিডি গিফটে (www.bdgift.com)।

উপহার বিডিতে (www.upoharbd.com) রয়েছে বিভিন্ন পণ্যের প্যাকেজ। এতে রমজানের ইফতারি ডেলিভারিরও প্যাকেজ পাওয়া যাবে। এ ছাড়া রয়েছে নানা ধরনের পোশাক ও পণ্য।

ঈদ আর রমজান উপলক্ষে বইয়ের ওপর বিশেষ ছাড় দিয়েছে বই ও সিডি-ডিভিডির অনলাইন দোকান রকমারি (www.rokomari.com)। এখানে এখন চলছে ইসলামি বই উৎসব। চাইলে ঈদ উপলক্ষে বইও উপহার দেওয়া যাবে।

অর্থ পরিশোধ ও অনলাইন কেনাকাটা

বর্তমানে ই-কমার্সের নানা সুবিধা ঘরে বসেই পাওয়া যাচ্ছে। ফলে বাড়ছে অনলাইনে কেনাকাটা। প্রবাসীরা ছাড়া বর্তমানে অনেকগুলো ই-কমার্স সাইট ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে।

ফলে বর্তমানে দেশের মধ্যে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন, জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর। সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ততাও বেড়ে চলছে।

তাই বর্তমানে প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে অনলাইন বাজারে কেনাকাটা করতেই স্বচ্ছন্দ বোধ করেন ক্রেতারা। অনলাইনে অর্ডার করলে পণ্য পৌঁছে যাচ্ছে বাসায়। অর্থ পরিশোধে পাওয়া যাচ্ছে ব্যাংক সহায়তাও। অনেকেই মোবাইলের মাধ্যমেই পরিশোধ করে দিচ্ছেন প্রয়োজনীয় অর্থ। ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর টাকা পরিশোধের সুযোগ পাচ্ছেন। তাই ক্রেডিট কার্ড কেনার বাধ্যবাধকতাও নেই। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের কার্ডের মাধ্যমেও চাইলে পণ্য কেনা যায় এখন।

দেশের বাইরের প্রবাসী ক্রেতাদের জন্যও রয়েছে অনলাইনে পণ্য কেনার ব্যবস্থা। অনলাইন কেনাকাটার দেশি সাইটগুলোতে প্রবাসীরা পছন্দ অনুযায়ী পণ্য কিনে তা পাঠিয়ে দিতে পারেন দেশে থাকা প্রিয়জনদের কাছে। এ ধরনের সাইটগুলোতে মূলত ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপনের কাজটা করা হয়ে থাকে। এরপর কেনাকাটার কাজটুকু ক্রেতা-বিক্রেতারা নিজেরা করে থাকেন।

ফেসবুকেও কেনাকাটা

নির্দিষ্ট ওয়েবসাইটের বাইরে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলোর পুরো কার্যক্রমই চলে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের মাধ্যমে। এসব ফেসবুক পেজ কিংবা গ্রুপে ঈদ সামনে রেখে নানা পণ্যে যুক্ত করা হয়। এসব পেজ কিংবা গ্রুপের উদ্যোক্তারা নিজেদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছাতে ব্যবহার করছেন ফেসবুক।