ঈদের বাজারে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের বাজারে তীব্র যানজট
ঈদের বাজারে তীব্র যানজট

কদিন পরই পবিত্র ঈদুল আজহা। আগামী কয়েক দিন রাস্তায় মানুষ, বাস, গাড়ির পাশাপাশি গরু-ছাগলকেও ছুটতে দেখা যাবে। একেবারে ‘পার হয়ে যায় গরু পার হয় গাড়ি’-টাইপ অবস্থা। হয়তো মানুষের সঙ্গে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে গ্রাম থেকে আসা কোনো নিরীহ গরু। কিংবা হয়তো সিএনজিতে বসে ‘ম্যা ম্যা’ করবে কোনো ব্ল্যাক বেঙ্গল ছাগল! আহা, মানুষ, গরু, ছাগল, গাড়ি, রিকশা—কত বৈচিত্র্যময় আমাদের চারপাশ! তবে সমস্যা একটাই—জট।
ঈদের আগে বিভিন্ন রাস্তা, গলি, উপগলির ওপরই সৃষ্টি হয় অস্থায়ী গরু-ছাগলের হাট। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও গরু বা ছাগল পার্কিংয়ের কোনো নির্দিষ্ট জায়গা নেই। অর্থাৎ সৃষ্টি হয় পশুজট। তবে গরু-ছাগলের জন্য যেমন যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে, একইভাবে যানবাহনও বিরক্ত করে এসব অস্থায়ী হাটের গরু-ছাগলদের। গাড়ির তীব্র ভেঁপু শুনে প্রতিবছর কত গরু দড়ি ছিঁড়ে ছুটে যায়, কত ছাগলের কানের পর্দা ফেটে যায় সে পরিসংখ্যান জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের কাছেও লিপিবদ্ধ নেই। তেমনি, গরুর গুঁতায় কতগুলো গাড়ির কাচ ভেঙেছে তারও কোনো হিসাব নেই। কিন্তু ঈদের আগে যে রাস্তায় জ্যাম হবে, এই হিসাব সবার মাথায়ই থাকে। এ জন্য হিসাববিজ্ঞান পড়া লাগে না। কিন্তু ঈদ উপলক্ষে সৃষ্ট এই যানজট, পশুজট কমাতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না, যা অত্যন্ত পীড়াদায়ক!
যানজট কমাতে অভিনব পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। তা হলো, সব ধরনের যানবাহন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে আবার গরু-মহিষের গাড়ির প্রচলন করা। ব্যাপারীরা নিজ নিজ গরুর গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বেন। গাড়ির গায়ে লেখা থাকবে ‘মিরপুর-গুলিস্তান’ কিংবা ‘ফার্মগেট-মতিঝিল’। এতে জনগণের ভ্রমণও হবে আবার খুব কাছ থেকে গবাদিপশুর চালচলন, ব্যবহার, শক্তিমত্তা, বুদ্ধিমত্তা (যদি থাকে), পারফরমেন্স দেখা যাবে। আর পছন্দ হলে তো কথাই নেই, নগদে গবাদিপশুটি ন্যায্য মূল্যে কিনে ফেলবে। তা ছাড়া মানুষ হোক আর গরু-ছাগল হোক, কায়িক পরিশ্রম সবার জন্যই উপকারী। সারা দিন হাটে শুয়ে-বসে ঘাস-ভুসি খেয়ে খেয়ে গবাদিপশুর গায়ে যে অতিরিক্ত মেদ জমে, গাড়ি টানার মধ্য দিয়ে তা দূর হবে। সেই সঙ্গে যানবাহন চলাচল বন্ধ থাকায় পরিবেশও দূষণের করাল গ্রাস থেকে মুক্তি পাবে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চিন্তার সাগরে হাবুডুবু খাবে।