ঈদের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মানুষের মস্তিষ্কের কাজের ধরন খুবই অদ্ভুত!:-) খুব সাধারণ এই চিহ্নটি দেখে আপনার মস্তিষ্কের মধ্যে কী যে আজব রাসায়নিক যোগ-বিয়োগ ঘটে গেল, সেটা বিজ্ঞানীরা আমাদের বললেও বিশ্বাস করা কঠিন। অস্ট্রেলীয় মনোবিদ ওয়েন চার্চেস আর তাঁর দল গবেষণা করে দেখেছেন, কোনো মানুষের হাসিমুখ দেখলে আমাদের মস্তিষ্কে যে ধরনের প্রতিক্রিয়া হয়:-) এই চিহ্ন দেখার প্রতিক্রিয়াও একই রকম। কোলন, ড্যাশ আর বন্ধনী চিহ্ন, পাশাপাশি বসিয়ে দিলে এই সংকেতকে মানুষ ‘হাসিমুখ’ হিসেবেই গ্রহণ করে।
অনলাইনে এই ইমোটিকন (ইংরেজি Emotion ও Icon এই শব্দ দুটো যোগ হয়ে তৈরি হয়েছে Emoticon, বাংলায় বলা যায় ভাব প্রকাশের প্রতীক) প্রচলিত স্মাইলি নামে। বিশ্বে যত রকম ইমোটিকন বা স্টিকার চালু আছে তার মধ্যে স্মাইলির প্রচলন সবচেয়ে বেশি।
একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী, অনলাইনে যে পরিমাণ স্মাইলি আদান-প্রদান হয়, তার ৪৮ শতাংশ ঘটে এশিয়ায়। এই ৪৮ শতাংশের মধ্যে বাংলাদেশের অবদানও নিশ্চয়ই যথেষ্ট অগুরুত্বপূর্ণ! ফেসবুক মেসেঞ্জার কথোপকথন, খুদে বার্তা কিংবা ই-মেইল, যেকোনো মাধ্যমে আমরা স্মাইলি ব্যবহার করি হরহামেশা। আসছে ঈদেও অনলাইনে কিংবা মুঠোফোনের খুদে বার্তায় প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিশ্চয়ই আমরা এই প্রতীকী হাসিমুখ জুড়ে দেব। ভেবে দেখুন, আপনার হাসিমুখ দেখে প্রিয়জনের মস্তিষ্ক যেভাবে প্রতিক্রিয়া দেখায়, এই কোলন-ড্যাশ-বন্ধনীর প্রতিক্রিয়াও হবে একই রকম!
প্রথম স্মাইলির প্রয়োজনীয়তা অনুভব হয়েছিল ১৯৮২ সালে। সে সময়ের ই-মেইল ব্যবহারকারীরা একটা সমস্যা টের পাচ্ছিলেন। ই-মেইলে পাঠানো লেখাগুলো সব সময় কেমন ‘সিরিয়াস’ ধাঁচের হয়ে যায়। রসিকতা করে একটা কিছু লিখবেন, সে উপায় নেই। হয়তো হালকা রসিকতার ছলে কেউ ই-মেইলে একটা কিছু লিখেছেন, অথচ এই নিয়ে তুলকালাম বেধে গেছে। ই-মেইলের সঙ্গে দাড়িপাল্লা জুড়ে (অ্যাটাচড) পাঠিয়ে দেবেন, আর ওপাশে প্রাপক ওজন করে বুঝে নেবেন কোন কথাটা ভারী আর কোন কথাটা হালকা, সেটাও তো সম্ভব নয়! প্রথমে প্রযুক্তিবিদেরা ঠিক করেছিলেন, রসিকতার ছলে বলা কথাগুলোর পাশে *(তারকা) চিহ্ন ব্যবহার করা যেতে পারে। কিন্তু কার্নেগি মেলন স্কুল অব কম্পিউটার সায়েন্সের অধ্যাপক স্কট ফালম্যানের * চিহ্নটা পছন্দ হচ্ছিল না। ঝাড়া ১০ মিনিট কি-বোর্ডের দিকে তাকিয়ে থেকে হঠাৎই তাঁর মনে হলো, ‘আরে! কোলন, ড্যাশ আর বন্ধনী চিহ্নগুলোকে পাশাপাশি বসিয়ে দিলেই তো হয়!’ সেই থেকে শুরু। রাতারাতি জনপ্রিয় হয়ে গেল স্মাইলি।
এখন ইমোটিকনকে বলা হয় ডিজিটাল সাহিত্যের নতুন ভাষা। কোলন, ড্যাশ আর বন্ধনী চিহ্ন লিখে স্পেসবার চাপলেই গোল একটা হাসিমুখ চলে আসে অধিকাংশ চ্যাটবক্স, ই-মেইল এমনকি মাইক্রোসফট ওয়ার্ডেও। হলুদ রঙের গোল একখানা মাথা টেক্সটিং বা চ্যাটিংয়ের সময় আপনার অনুভূতির প্রতিনিধিত্ব করতে পারে। আছে স্টিকারও। ইমোটিকনের চেয়ে আকারে বড় এই ছবিগুলো চ্যাট বক্সে জুড়ে দেওয়া যায়। ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ—যেকোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন মজার সব স্টিকার। এখন আর শুধু স্মাইলির ‘মুচকি হাসি’ নয়, হা হা হাসি, হি হি হাসি, হাসতে হাসতে চোখে পানি এসে যাওয়া, এমনকি হাসির চোটে চেয়ার থেকে পড়ে যাওয়ার স্টিকারও পাবেন।
মজার ব্যাপার হলো, এতসব স্টিকার, আধুনিক ইমোটিকনের ভিড়ে আজও:-) চিহ্নটিই বেশি জনপ্রিয়। একটি জরিপ জানিয়েছে, স্টিকার অনেকের কাছে বিরক্তিকর মনে হয়। কিন্তু:-) ইমোটিকন সবার কাছেই গ্রহণযোগ্য। ২০১৩ সালের এক গবেষণায় জানা গেছে, কর্মক্ষেত্রে ই-মেইল আদান-প্রদানের ক্ষেত্রে:-) ইমোটিকন জুড়ে দিলে অফিসে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় থাকে। এমনকি, অনলাইনে:-) ইমোটিকন বন্ধুদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়ায়। সামান্য একটা চিহ্নের যদি থাকে এত ক্ষমতা, তবে ডিজিটাল দুনিয়ায় আপনার ঈদ কাটুক:-)-এর সঙ্গে।
:-) :) :-)