
পরশু ছিল ২৯ মে। বিশেষ একজনের জন্মদিন। না, মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি বা বিশ্বসেরা অভিনেতা বব হোপের? জন্মদিন বলে নয়। সে আমাদের অতি নিকট একজনের জন্মদিন। তাঁর নাম হুমায়ুন ফরীদি। ২০১১ সালের ২৯ মে রোববারের বিকেলটি এমন ছিল না। ধানমন্ডিতে ছায়ানটের মিলনায়তনে অনেক বন্ধুবান্ধব ও পরিচিতজন, বিশেষ করে বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেনের যৌথ প্রচেষ্টায় ও পরিচালনায় ‘বালাই ষাট’ শিরোনামে হুমায়ুন ফরীদির জন্মদিনটি পালন করা হয়েছিল অত্যন্ত নান্দনিকভাবে।
বিশাল মঞ্চের একদিকে একটা হাতলওয়ালা ফরীদি বসে রয়েছিলেন স্মিতমুখে আর অন্যদিকে চারজনের গ্রুপ করে নিকটজনেরা ফরীদির জীবনের বিভিন্ন দিক আলোচনা করছিলেন। মিলন ও আফজালের সুচারু পরিচালনায় অতি দীর্ঘ এই অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তই ছিল অত্যন্ত উপভোগ্য। যেমন ধূমপায়ী ফরীদি ধূমপান করতে পারছেন না বলে খুব বেকায়দায় পড়েছেন বলে মিলনের রসিকতা, অন্যদিকে আফজাল জানালেন ফরীদি-সম্পর্কিত বিশেষ এক ঘটনা। আফজাল তখনো ব্যাচেলর। সিঙ্গেল ম্যান, তাই এক বাসায় সিঙ্গেল রুমে সিঙ্গেল খাটে ঘুমান। ফরীদি মাঝে মাঝে আসেন। তো এক গ্রীষ্মের এক রাতে ফরীদি এসে হাজির। মুখ খুবই বিমর্ষ। চুপচাপ ভাত খেলেন। তারপর আফজালকে জানালেন, শৈশব ও কৈশোরে তাঁর এক অতি নিকটজন তাঁর ওপর কী নির্মম অত্যাচার করতেন তারই এক মর্মান্তিক কাহিনি। শুনে আফজালের মনে হলো, পৃথিবীতে মানুষ এত নিষ্ঠুরও হতে পারে?
আফজালের চোখের পাতা ভিজিয়ে ফরীদি কখন যে উঠে চলে গেছেন আফজাল বলতেও পারবেন না। বারান্দায় স্তব্ধ হয়ে বসে নিদ্রাহীন রাত পার করে দিলেন। সকালবেলা দেখা গেল ফরীদি একেবারে স্বাভাবিক। হাসিমুখে নাশতা করছেন। আফজাল শান্তভাবে জানতে চাইলেন, ‘এত বড় একটা ঘটনা আগে বলোনি কেন?’ ফরীদির পাল্টা জবাব, ‘ঘটলে না বলব।’ মানে? মানে আর কিছুই না। ‘গতকাল খুব টায়ার্ড ছিলাম। একটা লম্বা ঘুমের দরকার ছিল। তুই মাঝরাতে ভারি ডিস্টার্ব করিস, তাই তোকে বারান্দায় বসিয়ে রাখার জন্য একটু অভিনয় করলাম আরকি!’
তুখোড় অভিনেতা আফজাল হোসেন যে ফরীদির অভিনয় ‘একটুও বুঝতে পারেননি’ বললেন, তখন কানায় কানায় পরিপূর্ণ সেই মিলনায়তনের প্রতিটি দর্শক-শ্রোতা যেভাবে প্রবল করতালি দিয়ে আনন্দ প্রকাশ করলেন সে বলার নয়।
ফরীদির ছিল ঈশ্বরপ্রদত্ত অভিনয়ের প্রতিভা। কিন্তু নিজে তা পুরোপুরি স্বীকার করতেন না। তিনি বলতেন, ছোটবেলায় সিনেমায় দীলিপ কুমারের অভিনয় দেখে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার পর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন যে বড় হয়ে অভিনেতা হবেন আর দীর্ঘদিনের চেষ্টায় তিনি অভিনেতা হয়েছেন।
উত্তরে আমি বলতাম, ‘দেখো ফরীদি, কুমোর কিন্তু সব মাটি দিয়ে জিনিস বানাতে পারে না, বিশেষ ধরনের মাটির দরকার হয়। আবার ওই মাটি পেলেও সবাই কুমোরের কাজ পারে না, একমাত্র কুমোরই পারে অর্থাৎ তোমার জন্মগত প্রতিভাও ছিল আর তুমি তার পূর্ণ সদ্ব্যবহার করেছ।’
এবার আপনাদের তাহলে সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের সন্তান হুমায়ুনের দেশের এক বরেণ্য অভিনেতা ফরীদি হওয়ার কাহিনিটি বলি: বাবা ছিলেন সরকারি পাট দপ্তরের কর্মকর্তা। চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় ছিলেন শৈশবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাটকের জগতে ঢুকে পড়েন। তখনই ঢাকা থিয়েটারের কর্ণধার নাসির উদ্দীন ইউসুফের আমন্ত্রণে ঢাকা থিয়েটারে যোগদান করে একের পর এক নাটকে অনবদ্য অভিনয় করে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। একই সঙ্গে বিটিভিতে একটি নাটকে কানকাটা রমজানের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। এমনকি তাঁকে কেন্দ্রীয় চরিত্রে রেখে যেসব চলচ্চিত্র তৈরি হয়, তার অধিকাংশই জননন্দিত হয়।
ফরীদি অত্যন্ত আমুদে এবং আড্ডাবাজ ছিলেন। সপ্তাহে দু-তিন দিন আমার অফিসে এসে আড্ডা মারতেন। ছুটির দিনগুলোর দুপুরবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় সুলতানা রেবু আপার বাসায় তাঁর উপস্থিতি ছিল অবধারিত। পীযূষ, রাইসুল ইসলাম আসাদ, যেত অভিনেতা মুনীর, পিন্টু ছাড়াও ঢাকা থিয়েটারের আরও অনেকে।
ফরীদি খেতে ও খাওয়াতে ভালোবাসতেন। শিল্পী মাসুক হেলাল ও ফরীদি যখন ধানমন্ডিতে একসঙ্গে থাকতেন তখন তাঁর প্রিয় বাবুর্চি আবদুর রহমানের রান্না করা ভুনাখিচুড়ি, ভুনা মাংস বা ইলিশের সদ্ব্যবহার করেছি প্রচুর।
বালাই ষাটের সেই দীর্ঘ অনুষ্ঠানে আমরা কেউই জানতাম না যে আমাদের এই প্রিয় বন্ধু আমাদের ভেতর আর অল্প দিনই আছেন। বছর না ঘুরতেই ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের অশুভ ১৩ তারিখে আমাদের বন্ধু চিরতরে হারিয়ে গেলেন। যেখানেই থাকুক ঈশ্বর তাঁকে আনন্দে রাখুক।