উইকিপিডিয়া একটি জটিল বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়ালেস বলেছেন, অনেক মানুষের কাছেই উইকিপিডিয়া একটি জটিল বিষয়। এর ফলে এখানে তাঁরা নতুন কোনো তথ্য সংযোজন, সংশোধন বা পরিমার্জন করতে পারেন না। গত ১৫ জানুয়ারি উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তি উপলক্ষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি চাই নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা এ সাইটে প্রবেশ করুক এবং যেকোনো বিষয়ে তথ্য দিয়ে উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করুক। অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত উইকিপিডিয়া বিশ্বের পঞ্চম জনপ্রিয় ওয়েবসাইট। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে ৪০ কোটি। জিমি ওয়ালেস বলেন, সাইটটির লক্ষ্য হচ্ছে ২০১৫ সালের মধ্যে ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে উন্নীত করা। আর এ জন্য প্রয়োজন উইকিপিডিয়ায় সংরক্ষিত বিষয়বস্তুকে সমৃদ্ধ করা। এ জন্য নতুন নতুন প্রদায়ক প্রয়োজন। তবে আমাদের পুরোনো লোকজনকেও দরকার, যাঁরা সাইটটি প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন। তিনি বলেন, জটিল কিছু কোডের কারণে অনেকে উইকিপিডিয়ায় নতুন কিছু লিখতে ভয় পান। এ সমস্যা শিগগিরই দূর করা হবে। উল্লেখ্য, উইকিপিডিয়া একটি অলাভজনক ওয়েবসাইট। এর গ্রাহকেরাই এতে অর্থায়ন করেন। ২০০১ সালের ১৫ জানুয়ারি সাইটটি চালু করা হয়। জিমি ওয়ালেস প্রথম শব্দটি লিখেছিলেন, ‘হ্যালো ওয়ার্ল্ড ’। বর্তমানে এতে ২৭০টি ভাষায় এক কোটি ৭০ লাখ নিবন্ধ আছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান