উইকিপিডিয়া জিরো প্রকল্প পেল ইন্টারঅ্যাকটিভ পুরস্কার
ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া (www.wikipedia. org) বর্তমানে সারা বিশ্বে জনপ্রিয়। ২৮৫টি ভাষায় থাকা উইকিপিডিয়া সহজে সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে নানা ধরনের প্রকল্প নেওয়া হয়েছে উইকিপিডিয়া পরিচালনা সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন থেকে। এরই অংশ হিসেবে গত বছর চালু হয় উইকিপিডিয়া জিরো প্রকল্প। সম্প্রতি এই প্রকল্প জিতেছে সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) ২০১৩ পুরস্কার।এসএক্সএসডব্লিউ ২০১৩-এর অ্যাক্টিভিজম বিভাগের পুরস্কার পেয়েছে উইকিপিডিয়া জিরো প্রকল্প (http://goo.gl/ XHb3f)। এ ছাড়া কমিউনিটি বিভাগে সাউন্ড ক্লাউড, এক্সপেরিমেন্টালে ক্রোম ওয়েব ল্যাব পুরস্কার জিতেছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন সম্মেলনকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণা করা হয়।১৯৮৭ সালে শুরু হওয়া এসএক্সএসডব্লিউ ইনকরপোরেশন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সেরাদের পুরস্কৃত করা হয়। মোবাইলের মাধ্যমে সহজে বিনা মূল্যে উইকিপিডিয়ার তথ্য পাওয়ার সুবিধার্থে উন্নয়নশীল দেশগুলোর জন্য চালু করা হয় উইকিপিডিয়া জিরো প্রকল্প। মুক্ত জ্ঞান সবার মধ্যে ছড়িয়ের দেওয়ার লক্ষ্যে এবং বিনা মূল্যে তথ্য হাতের মুঠোয় পৌঁছাতে এই উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় উইকিমিডিয়া ফাউন্ডেশন। এর ফলে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বিনা মূল্যে গ্রাহকদের উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ দেবে।উন্নয়নশীল দেশগুলোর জন্য চালু হওয়া এই প্রকল্প ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এই সুবিধা বাংলাদেশে চালুর ব্যাপারে কাজ চলছে বলে জানিয়েছেন উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান। তিনি বলেন, এই প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের বিনা মূল্যে উইকিপিডিয়া সেবা দিতে কাজ চলছে। খুব শিগগিরই চালু হবে এই সেবা। —নুরুন্নবী চৌধুরী